সুপার কাপের ফাইনালে শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সুপার কাপের সেমিফাইনালে ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়ে ইতিহাসে নাম লেখানোর অপেক্ষায় শেখ রাসেল। ব্লুজদের ফাইনালে তোলা গোল দুটি জাহিদ হাসান এমিলির। আর একটি মাত্র জয় পেলেই মৌসুমের চারটি শিরোপাজয়ী দল হবে শেখ রাসেল। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শেখ রাসেল গোল পেয়েছে ৫ মিনিটেই। নাহিদের ক্রস থেকে এমিলির প্লেসিং শটে শেখ রাসেলের প্রথম এগিয়ে যাওয়া (১-০)। গোলটা শোধ করার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাদার্স। ২৬ মিনিটে প্রথমে জুয়েল রানার শট গোলরক্ষক বিপ্লবের হাত ফসকে বেরিয়ে যায়, ওই বলটিই মেজবাহউদ্দিন পাঠিয়ে দিলেন বাইরে! ২৯ মিনিটে প্রতি-আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমিলি। মিঠুনের ক্রস থেকে মাথা ছুঁয়ে বদলে দেন স্কোর (২-০)।এমিলি গোল পেয়েছেন, আবার সুযোগও নষ্ট করেছেন। ৫০ মিনিটে গোলরক্ষক সুজন অনেকখানি বেরিয়ে এলেও গোল করতে পারেননি এমিলি। সে যাত্রায় গোললাইন সেভ করেন ডিফেন্ডার আশরাফুল।৬৪ মিনিটে আসে এমিলির জন্য সুবর্ণ সুযোগ। বক্সের মধ্যে এগিয়ে যাওয়া জাহিদকে ফেলে দেন আশরাফুল। প্রথমে পেনাল্টি নিতে চেয়েছিলেন জাহিদ, কিন্তু শেষ পর্যন্ত বল তুলে দেন এমিলির হাতেই। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি লিগের ৬ গোল করা এমিলি, দুর্বল শটটি সহজেই ঠেকিয়ে দেন গোলরক্ষক সুজন। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া ছিল ব্রাদার্স। কিন্তু তরুণ খেলোয়াড়দের আধিক্যে ভরা ব্রাদার্স হেরেছে অভিজ্ঞতার কাছে। অ্যাটাকিং থার্ডে গিয়ে কখনো বাইরে মেরেছেন, কখনো বল তুলে দিয়েছেন বিপ্লব ভট্টাচার্যের হাতে।কাল অপর সেমিফাইনালে মুখোমুখি হবে মোহামেডান ও মুক্তিযোদ্ধা।