চেন্নাই সুপার কিংসের প্রধান গুরুনাথ মাইয়াপ্পনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ভারতের একটি আদালত। এ খবর জানিয়েছে ভারতের সংবাদভিত্তিক চ্যানেল টাইমস নাউ।মাইয়াপ্পন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের জামাতা। জুয়াড়িদের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে তাঁকে তলব করেছিল মুম্বাই পুলিশ। নির্দেশনা অনুযায়ী গতকাল পুলিশের অপরাধ বিভাগের সদর দপ্তরে হাজির হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মাইয়াপ্পনকে আজ শনিবার আদালতে হাজির করা হলে তাঁকে ২৯ মে পর্যন্ত পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়।জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে গত মঙ্গলবার বলিউডের অভিনেতা বিন্দু দারা সিংকে গ্রেপ্তার করে মুম্বাইয়ের পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের সময়ই বেরিয়ে আসে মাইয়াপ্পনের নাম। দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।এদিকে চেন্নাই দলে মাইয়াপ্পন ঠিক কী পদে আছেন, এ নিয়ে বিতর্ক কাটছে না। চেন্নাইয়ের ডাগ-আউটে তাঁর উপস্থিতি ছিল নিয়মিত। দলের কর্ণধারদের একজন হিসেবে লোকে তাঁকে চিনত। নিজের টুইটার পেজে মাইয়াপ্পন নিজের পরিচয় লিখেছেন, ‘টিম প্রিন্সিপাল, চেন্নাই সুপার কিংস’। অথচ সুপার কিংসের মালিকপক্ষ ইন্ডিয়া সিমেন্ট গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, মাইয়াপ্পন টিম প্রিন্সিপাল, কর্ণধার বা প্রধান নির্বাহী কিছুই নন। তিনি টিম ম্যানেজমেন্টের একজন সম্মানীয় সদস্য মাত্র!ইন্ডিয়া সিমেন্টের দাবি অবশ্য ধোপে টিকছে না। কারণ, মাঠে ঢোকার জন্য মাইয়াপ্পনকে দেওয়া হয়েছিল ‘গোল্ড’ অ্যাক্রিডিটেশন কার্ড, যা থাকে শুধু মালিকদের জন্য।চেন্নাই দলে গুরুনাথ মাইয়াপ্পনের ভূমিকা সম্পর্কে আজ প্রশ্ন করা হয়েছিল তাঁর শ্বশুর শ্রীনিবাসনকে। তবে এ ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেন ভারতীয় বোর্ডের এই প্রেসিডেন্ট। শ্রীনিবাসন বলেন, ‘গুরুনাথের জড়িত থাকার ব্যাপারে কিছু জানি না আমি। সবাই জানে, আমি খুব কম সময়ই খেলা দেখি। সবাই জানে, আমি চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখতে যাই না।’