সুপার ক্লাসিকো ব্রাজিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, অথচ ফুটবল-বিশ্বে মাতামাতি তেমন ছিল না। থাকবেই বা কেন? চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলে খেলেছেন মূলত ঘরোয়া লিগে খেলা খেলোয়াড়েরা। ব্রাজিল দলে খেলা নেইমার ও ফ্রেডের যা একটু আন্তর্জাতিক পরিচিতি আছে। কিন্তু আর্জেন্টাইন খেলোয়াড়দের তা-ও নেই। ওদের কয়েকজন খেলেন ব্রাজিলের লিগে, বাকিরা আর্জেন্টাইন লিগের খেলোয়াড়।সেপ্টেম্বরে ‘সুপার ক্লাসিকোর’ প্রথম লেগে জিতেছিল ব্রাজিল। গত পরশু রাতের ম্যাচে তাই শুধু ড্র হলেই চলত তাদের। কিন্তু আর্জেন্টিনা ২-১ গোলে জেতায় সামগ্রিক ফল দাঁড়ায় ৩-৩। শেষমেশ সিরিজের মীমাংসা টানতে আশ্রয় নেওয়া হয় টাইব্রেকারের। আর তাতে ৪-৩ গোলে জিতে শেষ হাসিটা হাসে ব্রাজিল।বুয়েনস এইরেসে ম্যাচটা হওয়ার কথা ছিল ৪ অক্টোবর। কিন্তু ফ্লাডলাইট বিভ্রাটে খেলাটা তখন পণ্ড হয়ে যায়। এবারও ভেন্যু ছিল আর্জেন্টিনার রাজধানীতে। বোকা জুনিয়র্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচটা গোলহীন থাকে ৮০ মিনিট পর্যন্ত। ৮১ মিনিটে পেনাল্টি পেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন নিউয়েলস ওল্ড বয়েজের উইঙ্গার ইগনাসিও স্কোচ্চো। ২ মিনিটেই বাদেই ফ্রেড গোল করে সমতায় আনেন ব্রাজিলকে। একেবারে অন্তিম সময়ে আবার সেই স্কোচ্চোই গোল করলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আবার প্রথম দুটি পেনাল্টিই মিস করেন আর্জেন্টিনার মার্তিনেজ আর মন্তিও। নিজে গোল পাননি বটে, তবে এ নিয়ে দুটি সুপার ক্লাসিকো খেলে দুটিতেই জিতলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। সান্তোস তারকা তাই উচ্ছ্বসিত, ‘শিরোপাটা জেতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আর্জেন্টিনা দারুণ একটা দল। অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে তাদের। আমরা ভীষণ খুশি।’ ওয়েবসাইট।