সুপার ক্লাসিকোয় দর্শক-তাণ্ডব
আর্জেন্টিনার জনপ্রিয়তম দুই দলের লড়াই, যে ম্যাচের পরিচিতি ‘সুপার ক্লাসিকো’ নামে। দর্শক হাঙ্গামায় পরশু বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের এই ‘সুপার ক্লাসিকো’ রূপ নিল ‘সুপার ক্ল্যাশ’-এ। সুপার ক্লাসিকো ইতিহাসের দ্রুততম গোলে ম্যাচটা শুরু হয়েছিল দারুণ উত্তেজনায়। কিন্তু দর্শক-তাণ্ডবে ১-১ গোলে ড্র ম্যাচটিতে শেষ পর্যন্ত আড়ালে পড়ে গেছে ফুটবল।
বোকার মাঠ লা বোমবোনেরায় ৪৫ সেকেন্ডেই কার্লোস সানচেজের হেড এগিয়ে দেয় রিভার প্লেটকে। সান্তিয়াগো সিলভার গোল বিরতির ৬ মিনিট আগে সমতায় ফেরায় বোকাকে। ঝামেলাটা বাঁধে দ্বিতীয়ার্ধে, রেফারিকে অপমান করার অভিযোগে রিভার প্লেট কোচ র্যামন ডায়াজকে ডাগ-আউট থেকে গ্যালারিতে পাঠিয়ে দেওয়ার পর। এর পরপরই রিভার প্লেট গোলবারের পেছনে থাকা বোকা সমর্থকেরা গ্যালারিতে আগুন জ্বালিয়ে দেয়, মাঠে নানা কিছু ছুড়তে শুরু করে। যার মধ্যে ছিল পটকাও। রিভার প্লেট গোলকিপার মার্সেলো বারোভেরোর গায়েও কিছু একটা এসে আঘাত করে। ম্যাচটা পণ্ড হয়ে যাওয়ারই আশঙ্কা তখন। তবে রেফারি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা না করে অপেক্ষা করেন। ১০ মিনিটের মতো বন্ধ থাকা সময়টা পুষিয়ে নিতে ৯০ মিনিটের সঙ্গে যোগ করে দেন বাড়তি ১২ মিনিট। রয়টার্স।