সুপার ক্লাসিকোয় ‘সুপার হতাশা’
সুপার ক্লাসিকো শেষ পর্যন্ত রূপ নিল সুপার হতাশায়! রোমাঞ্চকর এক লড়াইয়ের সব রসদই ছিল প্রস্তুত। প্রথম লেগে নেইমারের শেষ মুহূর্তে গোলে জিতেছিল ব্রাজিল। দ্বিতীয় লেগ আর্জেন্টিনায়, দেশের মাটিতে প্রতিশোধের জন্য তেতে ছিল আর্জেন্টিনা। কিন্তু হঠাৎই চিত্রনাট্যে অভাবনীয় এক ‘অ্যান্টি-ক্লাইম্যাক্স।’ এই আগুনলড়াই শুরুর আগেই সব উত্তেজনায় জল ঢেলে দিল ফ্লাডলাইট-সমস্যা। ফ্লাডলাইট বিপর্যয়ে পরিত্যক্ত হয়ে গেছে ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকোর দ্বিতীয় লেগ। এই ম্যাচ আবার কবে হবে বা আদৌ হবে কি না, ঠিক নেই কিছুই।রেজিসটেনসিয়ার সেন্টেনারিও স্টেডিয়ামে দুই দল মাঠে নেমেছিল ঠিকই। জাতীয় সংগীত পর্বও হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই একটি জেনারেটর বন্ধ হয়ে যায়। সবগুলো লাইট না জ্বলা পর্যন্ত অপেক্ষা করতে থাকেন চিলিয়ান রেফারি এনরিকে ওসেস। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা ফুটবলটা নিয়ে, সেখানে দুই দলের ফুটবলাররা সময় কাটান খোশগল্প করে। আধঘণ্টা মাঠে থেকে ফুটবলাররা ড্রেসিংরুমে ফিরে যান। আরও আধঘণ্টা পর রেফারি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ। কারণ ওই জেনারেটর সারানো যায়নি, কাছাকাছি কোথাও থেকে অন্য কোনো জেনারেটর আনাও যায়নি। উত্তরাঞ্চলীয় অখ্যাত এক শহরে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আয়োজন করায় সমালোচিত হতে হচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে। রয়টার্স।