সুপার লিগে যশোরের শুভসূচনা
মাঠের এক পাশে একটি নতুন মোটরসাইকেল। দর্শকদের জন্য রাখা হয়েছে আরও আকর্ষণীয় কিছু পুরস্কার। খেলার বিরতিতে লটারিজয়ী ভাগ্যবান দর্শকেরা মোবাইল, ডিভিডি নিয়ে হাসিমুখে গ্যালারিতে ফিরছিল। কিন্তু যে জন্য এই আয়োজন, সেই দর্শকেরই আকাল প্রথমবারের মতো শুরু হওয়া কেএফসি মহিলা সুপার লিগ ফুটবলে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে দর্শকখরার মধ্যে শুরুটা ভালোই হলো যশোরের। কাল তারা ২-০ গোলে হারিয়েছে ঠাকুরগাঁওকে।ফিফার নির্দেশনা অনুযায়ী বাফুফের ক্রীড়াপঞ্জিতে রাখা হয়েছে মহিলা ফুটবলের সুপার লিগ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ফিফা প্রতিনিধি রোলান্ড আর্নকুয়েস্ট। মহিলা ফুটবলের প্রসারে বাংলাদেশের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সুইডিশ ভদ্রলোক। মেয়েদের খেলা দেখেও তাঁর ভালো লেগেছে। তবে তাঁর পরামর্শ, এদের উন্নতির জন্য কোচদের প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে।ঠাকুরগাঁওয়ের মেয়েরা সারাক্ষণ বলের পেছনে পেছনে ছুটেছে। আর যশোরের মেয়েরা হাস্যকরভাবে গোটা পাঁচেক সহজ সুযোগ নষ্ট করেছে। অবশ্য ১৩ মিনিটেই শারমিন আক্তারের গোলে প্রথম এগিয়ে যায় যশোর, ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রেহানা। দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা চালিয়েও ব্যর্থ ঠাকুরগাঁও। তাদের সামনে বাধার দেয়াল তুলে দাঁড়ান যশোরের গোলরক্ষক জাতীয় দলের সাবিনা খাতুন।খেলা শুরুর আগে প্রতিযোগিতা উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী, বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম (বাচ্চু) প্রমুখ।