
এত দিন শুধু ঝিনুকের মতো নীরবে সয়ে গেছেন। ভেতরে বিষের বালি নিয়ে মুখ বুজে মুক্তো ফলিয়ে গেছেন কেবল। বর্ণবাদের অভিযোগে যখন ৮ ম্যাচ নিষিদ্ধ করা হলো, পুরো ইংলিশ প্রচারমাধ্যম যেন একসঙ্গে উঠেপড়ে লাগল তাঁর বিরুদ্ধে। কিছু বলেননি। ব্রানিস্লাভ ইভানোভিচের হাত কামড়ে দেওয়ার পর তাঁর নাম হয়ে গিয়েছিল ‘আয়াক্সের নরখাদক’। তখনো চুপ ছিলেন। আসলে সব অপমান লিখে রেখেছিলেন অভিমানের অদৃশ্য কালিতে, একদিন জবাব দেবেন বলে! পরশু জোড়া গোল করার পর লুইস সুয়ারেজ যেন সব অপমান, সব লাঞ্ছনা-গঞ্জনা কড়ায়-গন্ডায় ফিরিয়ে দিলেন।
অথচ দুদিন আগেও মাঠে নামাটা ছিল অনিশ্চিত। লিভারপুলে মৌসুম শেষ করে যোগ দেন উরুগুয়ের প্রস্তুতি শিবিরে। প্রথম দিনই ধরা পড়ে তাঁর হাঁটুর চোট। পরের দিনই হয় অস্ত্রোপচার। বিশ্বকাপ জয়ের প্রধানতম স্বপ্নসারথিরই বিশ্বকাপ শেষ—এ ছাড়া আর কী ধারণা করতে পারত উরুগুয়ে? অস্ত্রোপচার করতে হবে—এটা জেনে গোপনে নিজেই ফেলেছিলেন তিন ফোঁটা অশ্রু। তবে উরুগুইয়ান বলেই ‘লা জারা’ আত্মবিশ্বাসটা ছিল সুয়ারেজের মধ্যে। বিশ্বকাপে খেলবেনই খেলবেন। প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে হারটা দেখলেন ডাগআউটে বসে। নামলেন ইংল্যান্ডের সঙ্গে বাঁচা-মরার ম্যাচটিতেই। আর কে জানত, ফেরাটা এমন রাজসিক হবে?
দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন প্রথম। তবে দ্বিতীয় গোলটার জন্য সুয়ারেজ স্টিভেন জেরার্ডকে আলাদা করে ধন্যবাদ দিতে পারেন। লিভারপুল সতীর্থের ভুল পাসে বল পেয়েই করেছেন জয়সূচক ওই গোল। ম্যাচ শেষে সুয়ারেজ ভেসে গেলেন আবেগে, ‘আমার খেলা সেরা ম্যাচগুলোর একটা ছিল এটা। এটা অসাধারণ একটা মুহূর্ত। কয়েক দিন আগেও এটা হয়তো সম্ভব হতো না।’
উদ্যাপনেই বুঝিয়েছেন ম্যাচটি কী ছিল তাঁর কাছে। গোল করে দুই হাত ধরে মুখ ঢেকেছেন, দুকূলপ্লাবী অশ্রু আটকাতেই হয়তো বা। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছেন দলের চিকিৎসক ওয়াল্টার ফেরেইরাকে। এই ভদ্রলোকের প্রতি পরে কৃতজ্ঞতাও জানিয়েছেন, ‘তিনি না থাকলে আমি আজ খেলতে পারতাম না।’
উরুগুয়ের পক্ষে সুয়ারেজ সব সময়ই দুর্দান্ত, তবে পরশুর ম্যাচটা যে আর ঠিক দশটা ম্যাচের মতো ছিল না! ২০১১ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর কম সমালোচনা সইতে হয়নি ইংল্যান্ডে। প্রচারমাধ্যম সুযোগ পেলেই তাঁর চলার পথে বিছিয়ে দেয় কাঁটা। রক্তমাখা পায়েই ফুটিয়ে গেছেন সৌন্দর্যের ফুল। কিছুই যে ভোলেননি, সেটা সুয়ারেজ বলেছেন নিজেই, ‘আমি অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এ রকম কিছুর স্বপ্ন আমি অনেক আগে থেকেই দেখে আসছি। এত দিন পর্যন্ত যে সমালোচনা আমাকে সইতে হয়েছে, যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সে জন্য আমি এই মুহূর্তটা উপভোগ করছি। এই ম্যাচের আগে ইংল্যান্ডে অনেকেই আমার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিল। এটা আমার জন্য ভালো একটা সময়। জানতে ইচ্ছা করছে, তারা এখন কী ভাবছে।’
তবে কঠিন সময়ে পাশে যাঁরা ছিলেন, তাঁদেরও স্মরণ করেছেন, ‘যখন আমি দেখলাম বলটা আসছে, আমার পাশে যারা ছিল, তাদের জন্য বলটা কিক করলাম। এবং কেউ এ রকম একটা ম্যাচ কল্পনাই করতে পারেননি।’
কোস্টারিকার সঙ্গে পরাজয়ে ছন্নছাড়া দল এখন আবার সুয়ারেজে পেয়েছে পথের দিশা। তবে কাজ এখনো অনেক বাকি। ২৬ বছর বয়সী স্ট্রাইকারের কণ্ঠে সেই প্রত্যয়, ‘আমরা জিতেছি, কিন্তু এখনো পরের পর্বে যেতে পারিনি। আমাদের পা মাটিতেই রাখতে হবে, কারণ পরের ম্যাচটা ইতালির সঙ্গে।’ তথ্যসূত্র: এএফপি, ওয়েবসাইট৷