সুপারক্লাসিকো জিতল ব্রাজিল
সাম্বার ছন্দে নেচেছে গ্যালারি। ম্যাচ শেষে রোনালদিনহোদের হাতে ঝিলিক দিয়েছে সোনালি ট্রফি। উড়েছে কনফেত্তি। কাল ব্রাজিলিয়ান উৎসবে রঙিন হয়েছিল বেলেমের মাঙ্গুয়েইরো স্টেডিয়াম। আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দুই লেগের দক্ষিণ আমেরিকান সুপারক্লাসিকো জিতেছে ব্রাজিল। ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর বেলেমেই ছিল উৎসবের মঞ্চ। দুই সপ্তাহ আগে আর্জেন্টিনার কর্ডোবায় দুই দলের প্রথম লেগের লড়াইটি ছিল গোলশূন্য। গ্যালারিতে যেমন সাম্বা নাচ ছিল, ব্রাজিলের ঘরোয়া লিগের খেলোয়াড়দের পায়ের জাদুতে তেমনি মাঠেও পড়েছে হলুদের আলপনা। ফ্লামেঙ্গোর রোনালদিনহো, সাও পাওলোর লুকাস সিলভা আর সান্তোসের নেইমার—এই ত্রয়ীর অসাধারণ ফুটবলে মুগ্ধ হয়েছে মাঙ্গুয়েইরো স্টেডিয়ামে যাওয়া প্রায় ৪৩ হাজার দর্শক। ব্রাজিলিয়ান ‘সুন্দর ফুটবলের’ কাছে আসলে উড়ে গেছে আর্জেন্টিনা। ২-০ স্কোরলাইন যেটা বোঝাতে পারছে না।লুকাস সিলভাই জয়ের প্রধান নায়ক। সাও পাওলোর এই মিডফিল্ডার প্রথমার্ধের প্রায় পুরোটা সময় আতঙ্ক ছড়িয়েছেন আর্জেন্টিনার রক্ষণে। যদিও প্রথমার্ধে গোল পায়নি ব্রাজিল, অপেক্ষা করতে হয়েছে ৫৬ মিনিট পর্যন্ত। ব্রাজিলকে প্রথম গোলটি এনে দেন লুকাসই। বল নিয়ে প্রায় ৫০ মিটার দৌড়ে অসাধারণ এক গোল করেছেন ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান। ৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন নেইমার।অধিনায়কের বাহুবন্ধনী পাওয়া রোনালদিনহো যেন এক সুতোয় বেঁধে ফেলেছেন পুরো দলটিকে। বার্সেলোনায় থাকতে ডিফেন্স-চেরা অসাধারণ যে পাস দিতেন, তেমন কিছু পাসে মুগ্ধ করেছেন দর্শকদের। ৩১ বছর বয়সী প্লে-মেকার ইঙ্গিত দিয়েছেন নিজের সেরা ফর্মে ফেরার।রোনালদিনহো ভাসছেন নিজেকে ফিরে পাওয়ার আনন্দে, ‘এই সব তরুণের সঙ্গে খেলতে পারাটা আমার জন্য দারুণ ব্যাপার। লুকাস, নেইমারদের মতো আর সব তরুণ ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ। আমি এসেছি আমার অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে। সেটা কাজ করছে দেখে আমি খুশি।’শিরোপা জয়ের আনন্দ তো আছেই, সেই সঙ্গে নেইমারের কাছে দর্শকদের আনন্দ দিতে পারাও খুশির ব্যাপার, ‘দর্শকেরা যে আমাদের এভাবে সমর্থন করল, এর কিছু প্রতিদান দিতে পেরেছি, এটাই আনন্দের। দারুণ ব্যাপার এটা।’ এএফপি, ওয়েবসাইট।