বিসিসিআইয়ের কোনো চালই ধোপে টিকছে না সুপ্রিম কোর্টে। আইপিএল ফিক্সিং তদন্তে সুপ্রিম কোর্টের নির্দেশে তিন সদস্যের যে প্যানেল প্রস্তাব করেছিল ভারতীয় বোর্ড, কাল সেই কমিটিকে প্রত্যাখ্যান করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিচারপতি মুডগাল কমিটিকেই দায়িত্ব দেওয়া হয়েছে অধিকতর তদন্তের।
গত ১৬ এপ্রিল আইপিএল ফিক্সিং কেলেঙ্কারির স্বচ্ছ ও স্বাধীন তদন্তে বিসিসিআইকে ব্যবস্থা নিতে বলেছিলেন সুপ্রিম কোর্ট। সে অনুযায়ী গত ২০ এপ্রিল বিসিসিআইয়ের কার্যনির্বাহী কমিটির সভায় তিন সদস্যের একটি প্যানেল গড়া হয়, যাতে ছিলেন ধারাভাষ্যকার ও সাবেক ভারতীয় অলরাউন্ডার রবি শাস্ত্রী, কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি জে এন প্যাটেল ও সাবেক সিবিআই পরিচালক আরকে রাঘবন। কিন্তু কমিটি নিয়ে শুরু থেকেই শুরু হয় কানাঘুষা। তিনজনই যে বিসিসিআইয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত! বলা হচ্ছিল, ‘স্বাধীন ও স্বচ্ছ’ তদন্তের জন্য গঠিত কমিটি আসলে বোর্ডের স্বার্থই দেখবে।
কাল সুপ্রিম কোর্টের শুনানিতে শাস্ত্রী ও প্যাটেলের ক্ষেত্রে স্বার্থের সংঘাতের ব্যাপারগুলো তুলে ধরেন সাবেক বিসিসিআই-প্রধান শরদ পাওয়ার। পাওয়ার বোর্ড-প্রধানের দায়িত্বে থাকার সময়ই শাস্ত্রী ও সুনীল গাভাস্কারের সঙ্গে আর্থিক চুক্তি করা হয়েছিল। পাওয়ারের যুক্তি, বোর্ডের চুক্তিবদ্ধ কেউ বোর্ড-প্রধানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কমিটিতে থাকতে পারেন না। বিসিসিআইয়ের সভাতেই শাস্ত্রীকে রাখার তীব্র বিরোধিতা করেছিলেন আরেক সাবেক বিসিসিআই-প্রধান শশাঙ্ক মনোহরসহ বোর্ডের শ্রীনিবাসনবিরোধী ছোট্ট দলটি।
প্রস্তাবিত শাস্ত্রীদের গ্রুপের আরেকজন রাঘবনের বিরুদ্ধে আপত্তিটাও তোলেন মনোহর। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন লিগের দল কামযুথ ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পৃক্ত রাঘবন। শ্রীনিবাসনের ঘনিষ্ঠ হওয়াটাও তাই খুবই সম্ভব। আর প্যাটেলের বিরুদ্ধে পাওয়ারের বক্তব্য, প্যাটেল বর্তমান অন্তর্বর্তীকালীন বোর্ড-প্রধান শিবলাল যাদবের খুবই ঘনিষ্ঠ। সব বিবেচনায় তাই প্রস্তাবিত কমিটিকে গ্রহণ করেননি সুপ্রিম কোর্ট। আস্থা রেখেছেন মুডগাল কমিটিতে।
এই মুডগাল কমিটি গঠন করেছিলেন সুপ্রিম কোর্টই। ২০১৩ আইপিএলের ফিক্সিং কেলেঙ্কারি প্রকাশ্য হওয়ার পর প্রথমে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিসিসিআই। তবে অনেক প্রশ্ন ও অভিযোগ ওঠে সেই কমিটিকে নিয়ে। পরে বোম্বে হাইকোর্ট ওই কমিটিকে অবৈধ ঘোষণা করেন। এরপর গত অক্টোবরে হাইকোর্টের সাবেক বিচারক মুকুল মুডগালের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। মুডগাল কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে গত ফেব্রুয়ারিতে। সঙ্গে সিলগালা করা একটা খামে ফিক্সিংয়ে জড়িত অভিযোগে ১৩ জনের নামের একটি তালিকাও। শ্রীনিবাসনকে বিসিসিআইয়ের সভাপতি পদে ফেরানোর আবেদনের জবাবে গত ১৬ এপ্রিল সুপ্রিম কোর্ট জানিয়ে দেন, ওই ১৩ জনের একজন শ্রীনিবাসন।
তুমুল আলোচিত সেই মুডগাল কমিটিই এবার পেল তদন্তের ভার। কাল সিএনএনআইবিএনকে মুডগাল বলেছেন, ‘আমরা আমাদের সম্মতি জানিয়েছি, আমাদের প্যানেল সম্মতি দিয়েছে। এখন সিদ্ধান্ত মাননীয় সুপ্রিম কোর্টের...কোর্টের আদেশের জন্য অপেক্ষা করব আমি।’
২৯ এপ্রিল পরবর্তী শুনানিতে মুডগাল কমিটিকে বিস্তারিত দিকনির্দেশনা দেবেন সুপ্রিম কোর্ট। ওয়েবসাইট।