সুবাস পাচ্ছে আর্জেন্টিনা-কলম্বিয়া
৩৬ বছর পর দক্ষিণ আমেরিকায় ফিরছে বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইটাও আছে শেষ পর্যায়ে। নয় দলের কেউই এখনো ব্রাজিল-যাত্রা নিশ্চিত করতে পারেনি। অবশ্য এ সপ্তাহেই সেটি নিশ্চিত করে ফেলতে পারে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মেসির আর্জেন্টিনার অবশ্য আজ খেলা নেই। তবে আগামী মঙ্গলবার পয়েন্ট তালিকার তলানির দল প্যারাগুয়েকে হারাতে পারলেই টানা একাদশ বিশ্বকাপ নিশ্চিত করে ফেলবে আর্জেন্টিনা।
অন্যদিকে আজ ঘরের মাঠে ইকুয়েডরকে হারাতে পারলে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া কলম্বিয়া ছুঁয়ে ফেলবে আর্জেন্টিনাকে এবং তাতে প্রায় নিশ্চিত হবে তাদের ১৬ বছর পর বিশ্বকাপে যাওয়া। ইকুয়েডরও খুব পিছিয়ে নেই, ১২ ম্যাচে ২১ পয়েন্ট তাদের। পা মচকে ফেলা তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওকে এই ম্যাচে কলম্বিয়া পাবে কিনা সংশয় আছে। কলম্বিয়া দলের চিকিৎসক কার্লোস উয়োয়া বলেছেন পুরোপুরি সুস্থ না হলে ফ্যালকাওকে খেলানোর ঝুঁকি নেওয়া যাবে না।
ইকুয়েডরের কাছে ম্যাচটা পুরোপুরিই আবেগের। গত জুলাইয়ে হঠাৎই মারা যাওয়া ক্রিস্টিয়ান বেনিতেজকে ছাড়া আজই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে দলটি। দুই দলের প্রথম লড়াইয়ে এই বেনিতেজের গোলেই ১-০ গোলে জিতেছিল ইকুয়েডর।
দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও গতবারের সেমিফাইনালিস্ট উরুগুয়ে আজ খেলবে পেরুর মাঠে। বিশ্বকাপ-স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য এ ম্যাচে নিশ্চয়ই পয়েন্ট খোয়াতে চাইবে না উরুগুয়ে। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা উরুগুয়ে হারলে তাদের টপকে যাবে পেরু। পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানির আশা পেরুকে হারাবে তাঁর দল, ‘পেরু ভালো দল, তবে আমি জানি ওদের সঙ্গে লড়ার মতো অস্ত্র আমাদের আছে।’ দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি চারটি দল সুযোগ পাবে বিশ্বকাপে। পঞ্চম হলেও সুযোগ থাকবে প্লে-অফ খেলে ব্রাজিলে যাওয়ার। এএফপি ও ফিফা ডট কম।