সুবিধাবাদী বন্ধুদের দুষছেন নেইমার
ধৈর্যেরও একটা সীমা থাকে। আর কাঁহাতক মানুষের খোঁচা হজম করা যায়! দলবদল নিয়ে কম তোলপাড় তো আর হলো না। শুরুতে জানা গিয়েছিল, নেইমারকে আনতে ৫ কোটি ৭০ লাখ ইউরো খরচ হয়েছে বার্সেলোনার। পরে জানা যায়, অঙ্কটা আসলে ৮ কোটি ৬০ লাখ ইউরো। এর বড় একটা অংশ গেছে নেইমার ও তাঁর বাবার পকেটে, প্রায় ৪ কোটি ইউরো। অভিযোগ উঠেছে, কর ফাঁকি দেওয়ার জন্য দলবদলের খুঁটিনাটি চেপে গেছে দুই পক্ষ। এমনও অভিযোগ আছে, বার্সেলোনার সঙ্গে অগ্রিম চুক্তি করেছিলেন নেইমার। তবে তাঁর বাবা সেটি অস্বীকার করেছেন।
এত দিন ব্যাপারটা নিয়ে টুঁ শব্দও করেননি নেইমার। কিন্তু পরশু সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নেইমার প্রথম মুখ খুললেন, ‘অনেক দিন এটা নিয়ে কোনো কথা বলিনি আমি। কিন্তু আমার দলবদল নিয়ে যা হচ্ছে, সেসব তো আমি চুপ করে শুনে যেতে পারি না। আমি আমার বাবাকে বলেছি আমাকে মুখ খুলতেই হবে। তিনি আমাকে বলেছিলেন এটা নিয়ে মাথা না ঘামাতে। আমি নিশ্চিত, তিনি আমাকে ভুল বুঝবেন না। প্রথমবারের মতো অবাধ্য হওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী, কিন্তু কথা আমাকে বলতেই হচ্ছে।’ নেইমারের ক্ষোভটা বোঝাই যায়! ওয়েবসাইট।
বার্সেলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার দায়ী করলেন ‘প্রতারক’ বন্ধুদের, ‘আমি জানি আমাদের অনেকের সুবিধাবাদী কিছু বন্ধু আছে।’ এ মুহূর্তে নেইমারের বাবা আছেন ব্রাজিলে। বাবার উদ্দেশে ছেলের আকুল আবেদন, ‘তুমি যে ভুল কিছু করোনি সেটা প্রমাণ হওয়া এখন সময়ের ব্যাপার। আমি কয়েক দিনের মধ্যেই মাঠে নামছি। এখানে তোমাকে আমার ভীষণ দরকার।’