সুমিতা অসুস্থ, অথচ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসে ১০০ মিটার হার্ডলস দৌড়ানোর আগের রাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন সুমিতা রানী দাস। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফটো ফিনিশিংয়ে রুপা জেতার রাতে অসুস্থতা বেড়ে যায় আরও। অসুস্থ শরীর নিয়েই চলে যান নোয়াখালীর নিজ বাড়িতে। এখনো জ্বরে ভুগতে থাকা সুমিতা অপেক্ষা করছেন সুস্থ হয়ে ওঠার।কাল টেলিফোনে সুমিতা বেশ আক্ষেপ নিয়েই বললেন, ‘গেমস শেষ হয়েছে এত দিন হলো। কেমন আছি, কোথায় আছি, কী করছি না করছি, ফেডারেশনের কেউই কোনো খবর নেয় না। খুবই কষ্ট লাগছে।’ সে সঙ্গে আছে অল্পের জন্য এসএ গেমস সোনা হাতছাড়া হওয়ার বেদনাও, ‘কী বলব, মনটাই ভেঙে গেছে। গত ১৩ মাস খুব কষ্ট করেছি। লক্ষ্য ছিল এখানে ভালো করে দিল্লিতে যাব কমনওয়েলথ গেমসে খেলতে। কিন্তু এখন অসুস্থ হয়ে পড়ে আছি। কবে প্র্যাকটিস শুরু করতে পারব বুঝতে পারছি না।’সামনে ইন্দো-বাংলা গেমস। অথচ সুমিতা যে অসুস্থ, অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তারা সেই খবর এখনো জানেনই না! ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম সুমিতার অসুস্থতার খবর শুনে বললেন, ‘আমি তো কিছুই জানি না। খোঁজ নিচ্ছি ও অসুস্থ কি না। এসএ গেমসের পর ওর সঙ্গে আর যোগাযোগ হয়নি।’ আগামী ২৫ মার্চ কলকাতায় শুরু হবে দুই বাংলার ক্রীড়া উত্সব ইন্দো-বাংলা গেমস। এর জন্য প্রস্তুতি শুরু হওয়ার কথা কয়েক দিনের মধ্যেই।