সুমিতার দীর্ঘশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা জিতেছেন ভেবে নিজে আনন্দ করলেন। কেউ ফেললেন আনন্দাশ্রু। দক্ষিণ এশীয় গেমস অ্যাথলেটিকসে এই প্রথম বাংলাদেশের কোনো মেয়ে সোনা জিতেছেন—আবেগের ঢেউ তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কিন্তু চূড়ান্ত ফল ঘোষণা হতেই সবার মুখ অন্ধকারে ঢেকে গেল। সুমিতা রানী দাস নিজে বাকরুদ্ধ।১০০ মিটার হার্ডলসে গতবার কলম্বোয় ১৪.৩৬ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। এবার অনুশীলনে হ্যান্ড টাইমিংয়ে ছিল ১৩.৬০-এর আশপাশে। ঘরের ট্র্যাকে বাংলাদেশকে একটি সোনা জেতাতে পারেন সুমিতাই। সুমিতা সোনা জিততে চলেছেন—সবাই ধরেই নিয়েছিলেন। কিন্তু শেষটা যে এমন হবে, কে ভেবেছিল?ভারতের গায়ত্রী গোবিন্দ রাজের সঙ্গে তীব্র লড়াই শেষে ১৩.৯৯ সেকেন্ডে দৌড় শেষ করেছেন। কিন্তু দুর্ভাগ্য তাঁর, ফটো ফিনিশিংয়ে ভারতের গায়ত্রীর কাছে (১৩.৯৮) হেরে গেলেন। ১৯৯৯ কাঠমান্ডু সাফে ২০০ মিটারে ঠিক এই ফটো ফিনিশিংয়ে হেরে যান ওই ইভেন্টের তখনকার চ্যাম্পিয়ন বাংলাদেশের মাহবুব আলম। কাল তিনি আক্ষেপ করে বলছিলেন, ‘কপালই খারাপ আমাদের।’প্রতিদ্বন্দ্বী একটু বেশি দীর্ঘাঙ্গি হওয়ায় সুবিধা পেয়েছেন, এমনটাই বোঝাতে চাইলেন সুমিতা। ‘কী বলব, আর কী বলার আছে’—তাঁর অভিব্যক্তি ছিল এমনই। ১৪.০৫ সেকেন্ড সময় নিয়ে সুমিতার শহরের মেয়ে জেসমিন আক্তার ব্রোঞ্জ জিতেছেন, যা সান্ত্বনা পারেনি।হতাশ বাংলাদেশ শিবির খানিক পরে কিছুটা আনন্দ করার উপলক্ষ পেল মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে রুপা জিতে। এই ইভেন্টে সেই ১৯৮৫ ঢাকায় ব্রোঞ্জ এসেছিল, তার পর কালই এল রুপা। সুমিতা-জেসমিনের সঙ্গে ইসরাত জাহান আর শামসুন্নাহার ছিলেন রিলে দলে। ৪৮.৮০ সেকেন্ড সময় নেওয়া বাংলাদেশ দলকে পেছনে ফেলে সোনা জিতেছেন প্রিয়দর্শিনী, আরচালা, সজনি বুদ্দিকা আর প্রীমিলা প্রিয়দর্শনীর শ্রীলঙ্কা (৪৬.৪৩)।প্রথম দিনে দুটি ব্রোঞ্জের সঙ্গে কাল দুটি রুপা ও একটি ব্রোঞ্জ—বাংলাদেশ ভালো করেই বুঝল অ্যাথলেটিকসের সোনা এখন সোনার হরিণ। এখন শেষ ভরসা সজীব হোসেন, আজ হাইজাম্পে তাঁর দিকে তাকিয়ে থাকবে স্বাগতিকেরা।ট্র্যাকে লড়াই চলছে ভারত-শ্রীলঙ্কার মধ্যে। আগের দিন ভারত জিতেছিল ৩টি সোনা, শ্রীলঙ্কা ২টি। কাল ভারত ৩টি, শ্রীলঙ্কা ৪টি। এদিনের বাকি দুটি সোনা পাকিস্তানের।মেয়েদের ১০০ মিটার হার্ডলস ছাড়া ভারত জিতেছে পুরুষ বর্শা নিক্ষেপ (কৃষ্ণা নায়েক, ৭৪.২৭ মিটার), ৪০০ মিটার দৌড় (বিনিন ম্যাথিউ, ৪৭.২৫ সে.)। শ্রীলঙ্কা জিতেছে ৪ গুণিতক ১০০ মিটার পুরুষ ও মহিলা রিলে, ৪০০ মিটার দৌড় মহিলা (চন্দ্রিকা সুবাক্ষিণী (৫৪.২৭ সে.) ও মহিলা হাইজাম্পে। পাকিস্তান জিতেছে ১১০ মিটার হার্ডলস (মহসিন আলী, ১৪.৫৬ সে.), গতবার এই ইভেন্টে আরও কম সময়ে সোনা জেতেন বিদেশে পালানো বাংলাদেশের মাহফুজুর রহমান) ও ট্রিপল জাম্পে (জাফর ইকবাল)।