সুমোদের দৌড়!

তাঁদের ওজন ‘বেশি’ না! ১৪৬ থেকে ১৯৬ কেজি। ইয়া শরীর। দেখলেই চোখ কপালে ওঠার জোগাড়! বিরাট বপু নিয়ে দ্রুতগতিতে হাঁটাই যেখানে দায়, সেখানে দৌড়াচ্ছেন ‘বিদ্যুৎ’গতিতে! রসিকতা করে প্রশ্ন করতেই পারেন, আশপাশে ‘ভূমিকম্প’ হয়ে যায়নি তো? দেখার মতোই এক দৌড় প্রতিযোগিতা। ট্রাকে দৌড়াচ্ছেন তিন সুমো কুস্তিগির! ঘটনা জাপানের ওকায়ামা অঞ্চলের। বিনোদনদায়ী এ প্রতিযোগিতার তিন চরিত্র তেনপু, ইসাওহো এবং কিতেনসু। তিনজনের দুজন সুমো কুস্তিগিরের পোশাকেই নেমেছেন। একজন কেবল হাঁটু অবধি শর্টস পরে। প্রতিযোগীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও হয়েছে বেশ, যেন ‘কেউ কারে নাহি ছাড়ে’! দৌড়ের ভিডিও টুইটারে জাপানি কুস্তিগির ইসিয়ুরা মাসাকাতসু পোস্ট করার সঙ্গে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে চারদিকে। ইন্টারনেটে রীতিমতো নায়কেই পরিণত হয়েছেন তিনজন। আচ্ছা, জয়ী হলো কে? থাক না সে প্রশ্ন। বরং প্রশ্ন হওয়া উচিত, অলিম্পিকে এ ধরনের একটা ইভেন্ট কি যোগ করা যায়? ইয়াহু স্পোর্টস