সুয়ারেজ নাটক চলছেই

ইংলিশ ফুটবলে সুয়ারেজ নাটকটা মনে হয় আরও বেশ কিছুদিন চলবে। কেবলই মনে হয়েছিল, এবার বোধ হয় সবকিছুর অবসান হতে যাচ্ছে। অনেক দিন ধরেই ক্লাব বদলের আবেদন-অনুরোধ জানানোর পর অবশেষে লিভারপুলেই থেকে যাওয়ার কথা জানিয়েছিলেন এই উরুগুয়ের স্ট্রাইকার। এমনকি ইঙ্গিত দিয়েছিলেন নতুন চুক্তিরও। কিন্তু মাত্র এক দিনের ব্যবধানেই পুরোপুরি উল্টোপথে হাঁটলেন সুয়ারেজ। লিভারপুলেই থেকে যাবেন, এমন কোনো কথাই নাকি বলেননি।
উরুগুয়ের দৈনিক ‘এল অবসারভেদর’কে দেওয়া এক সাক্ষাত্কারে লিভারপুলেই থেকে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সুয়ারেজ। সমর্থকদের ভালোবাসার জন্যই নাকি থেকে যেতে চান লিভারপুলে। কিন্তু সব জল্পনা-কল্পনা জিইয়ে রেখে এক দিন পরই সেটা অস্বীকার করেছেন এই উরুগুয়ের স্ট্রাইকার। জাপানের বিপক্ষে উরুগুয়ের ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি এমনটা বলিনি। হয়তো অন্য কেউ বলেছে। এখন আমি জাতীয় দলের সঙ্গে আছি। আর এটাই প্রধান ব্যাপার।’
সুয়ারেজ-লিভারপুল ঝামেলার শুরু গত মে মাসের শেষের দিকে। সে সময়ই প্রকাশ্যে জানিয়েছিলেন ক্লাব ছাড়ার ইচ্ছাটা। এর মধ্যে আর্সেনালও দৃশ্যপটে হাজির হয়েছে সুয়ারেজকে দলে ভেড়ানোর প্রস্তাব নিয়ে। গত ২৪ জুলাই সুয়ারেজের লিভারপুলকে জন্য চার কোটি ২০ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছে গানাররা। কিন্তু লিভারপুলও খুব সহজেই ছেড়ে দিতে চাইছে না ২৬ বছর বয়সী সুয়ারেজকে।
এদিকে লিভারপুল কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কটাও বেশ খারাপ হয়ে গেছে সুয়ারেজের। তাঁকে ছাড়তে রাজি না হওয়ায় ক্লাবের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছিলেন কয়েক দিন আগে। এ কারণে সুয়ারেজকে সতীর্থ ও ক্লাবের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন কোচ ব্রেন্ডন রজার্স।
শেষ পর্যন্ত ঘটনা কোনদিকে মোড় নেবে, সেটা এখনই বোঝা যাচ্ছে না। তবে নাটক চালিয়ে যাওয়ার জন্য আরও কিছুদিন সময় পাচ্ছেন সুয়ারেজ। নিষেধাজ্ঞার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ছয় ম্যাচে মাঠেই নামতে পারবেন না তিনি। গত এপ্রিলে চেলসির ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দেওয়ায় ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল উরুগুয়ের এই তারকা স্ট্রাইকারকে। তারই ছয় ম্যাচের শাস্তি এখনো বাকি। সূত্র: গোল ডটকম।