সুয়ারেজের চোটে ডমেটকে মৃত্যু-হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রোপচার শেষে হুইলচেয়ারে হাসপাতাল থেকে বেরোচ্ছেন লুইস সুয়ারেজ৷ উরুগুয়ে-ভক্তদের জন্য ছবিটা পীড়াদায়ক। হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ খেলা অনিশ্চিত ফর্মের তুঙ্গে থাকা লিভারপুল স্ট্রাইকারের। পরশু মন্টেভিডিওতে ষ এএফপি
অস্ত্রোপচার শেষে হুইলচেয়ারে হাসপাতাল থেকে বেরোচ্ছেন লুইস সুয়ারেজ৷ উরুগুয়ে-ভক্তদের জন্য ছবিটা পীড়াদায়ক। হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ খেলা অনিশ্চিত ফর্মের তুঙ্গে থাকা লিভারপুল স্ট্রাইকারের। পরশু মন্টেভিডিওতে ষ এএফপি

কয়েক দিন আগেও হয়তো তাঁর নাম বললে বেশির ভাগ উরুগুইয়ান ফ্যালফ্যাল করে তাকাতেন।
ওয়েলসের ডিফেন্ডার দেশের হয়ে এখনো কোনো ম্যাচ খেলেননি। প্রিমিয়ার লিগের মাঝের সারির দল নিউক্যাসলের হয়ে খেলছেন কয়েক বছর ধরে। সেখানেও পারফরম্যান্স এমন নয় যে তাঁকে নিয়ে মাতামাতি হবে। পল ডমেটকে উরুগুইয়ানদের চেনার আসলেই তেমন কারণ নেই।
চেনাজানা হলো, তবে এভাবে না হলেই বোধ হয় খুশি হতেন ডমেট। ৩৩ লাখ উরুগুইয়ান তাঁকে চিনল ‘খলনায়ক’ হিসেবে। দক্ষিণ আমেরিকার দেশটিতে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত একজন মানুষ এখন তিনি। উরুগুইয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকা লুইস সুয়ারেজের বিশ্বকাপ অনিশ্চিত করে দেওয়ার দায় তাঁর কাঁধে। সেই দায় চাপিয়ে কেউ তাঁর মাথায় বুলেট ঢুকিয়ে দিতে চাইছেন। চাইছেন তাঁর ভবলীলা সাঙ্গ করে দিতে!
যে চোট সুয়ারেজের বিশ্বকাপ অনিশ্চিত করে দিয়েছে, সেটির জন্য যে ডমেটই দায়ী, তা অবশ্য নিশ্চিত করে বলেননি সুয়ারেজ কিংবা তাঁর চিকিৎসক। তবে সুয়ারেজ-ভক্ত এবং বেশির ভাগ উরুগুইয়ানের ধারণা এমনই। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটা খেলার সময় সুয়ারেজকে কড়া ট্যাকল করেছিলেন নিউক্যাসল ডিফেন্ডার। সে কারণে লাল কার্ডও দেখেছেন। পরে অবশ্য আপিল করে নিষেধাজ্ঞা থেকে বেঁচেছেন। তবে বাঁচতে পারছেন না উরুগুইয়ানদের ক্রোধের অাগুন থেকে। গত বুধবার উরুগুয়ের মন্টেভিডিওতে সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময় হাঁটুতে অস্বস্তি অনুভব করেন লিভারপুল স্ট্রাইকার। অনুশীলন শেষে প্রাথমিক পরীক্ষায় জানা যায়, হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। পরের দিনই হয় অস্ত্রোপচার। এ ধরনের অস্ত্রোপচারের পর সাধারণত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে পুরো ফিট হতে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারের অভিযানে সুয়ারেজকে হারানোর শঙ্কাটা তাই প্রবল। বেশির ভাগ উরুগুইয়ানের ধারণা, ডমেটের ওই ট্যাকলই কাল হয়েছে। আক্রমণের সবচেয়ে ধারালো অস্ত্রটিকে হারানোর শঙ্কায় তাই তাঁরা প্রতিশোধস্পৃহ। সুয়ারেজের সংবাদটা জানার পর টুইট করেছেন এক উরুগুইয়ান সমর্থক, ‘ডমেট, যদি সুয়ারেজ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে না পারে, তাহলে তোমারও আর কোনো দিন খেলা হবে না।’ আরেক সমর্থক হুমকি দিয়েছেন সরাসরি, ‘ডমেট, আমি আশা করি, একবার হলেও তুমি উরুগুয়েতে বেড়াতে আসবে। আমরা তোমাকে একটা জিনিস দিতে চাই, তোমার মাথায় একটা বুলেট।’
সমর্থকেরা রাগে ফুঁসছেন, তবে সুয়ারেজ এখনো শান্ত, অবিচল। বিশ্বকাপে খেলার আশা এখনো ছেড়ে দেননি উরুগুইয়ান স্ট্রাইকার। স্থানীয় এক সংবাদমাধ্যমকে পরশু আবারও বলেছেন, ‘সবার সমর্থনের জন্য ধন্যবাদ। সবাই ধৈর্য ধরুন, কারণ আমি বিশ্বকাপে থাকব। শতভাগ ফিট হয়েই সতীর্থদের সহযোগিতা করতে যাব।’ রয়টার্স ও ওয়েবসাইট।