সুয়ারেজের জোড়া গোলে লিভারপুলের সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল দখলের লড়াইয়ে ব্যস্ত লুইস সুয়ারেজ। উরুগুয়ের এই স্ট্রাইকারের পা থেকেই এসেছে লিভারপুলের দুইটি গোল। ছবি: রয়টার্স
বল দখলের লড়াইয়ে ব্যস্ত লুইস সুয়ারেজ। উরুগুয়ের এই স্ট্রাইকারের পা থেকেই এসেছে লিভারপুলের দুইটি গোল। ছবি: রয়টার্স

প্রিমিয়ার লিগে সাউদাম্পটন ও লিগ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারের পর আবারও জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। আজ প্রিমিয়ার লিগে নিজেদের ষষ্ঠ ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে অল রেডরা জিতেছে ৩-১ গোলে। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পরই জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। লিভারপুলের অপর গোলটি এসেছে ড্যানিয়েল স্টারিজের কাছ থেকে।

আজকের এই সহজ জয় দিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টটেনহামও আছে দ্বিতীয় স্থানে। আর ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা দখল করেছে আর্সেনাল।

প্রথমার্ধের ২৮ মিনিটে লিভারপুলের প্রথম গোলটি করেছেন স্টারিজ। স্টিভেন জেরার্ডের ক্রস থেকে মাথা ছুঁইয়ে সান্ডারল্যান্ডের জালে বল জড়িয়েছেন এই ইংলিশ স্ট্রাইকার। ৩৬ মিনিটে লিভারপুলের দ্বিতীয় গোলটিতেও ছিল স্টারিজের অবদান। তাঁর বাড়ানো বলে পা ছুঁইয়েই গোল করেছেন সুয়ারেজ। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর এটাই ছিল উরুগুয়ের স্ট্রাইকারের প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়েই মাঠে নামে সান্ডারল্যান্ড। শুরুতেই কয়েকটি দারুণ আক্রমণ করে লিভারপুলের রক্ষণভাগে ভীতি সৃষ্টি করেন সান্ডারল্যান্ডের খেলোয়াড়েরা। ৫৬ মিনিটের মাথায় সফলতাও পেয়ে যায় স্বাগতিকেরা। একটি গোল শোধ করেন সান্ডারল্যান্ডের ইতালিয়ান স্ট্রাইকার ইমানুয়েল গিয়াচ্চেরিনি। কিন্তু এরপর আর কোনো গোলের দেখা পায়নি সান্ডারল্যান্ড। বরং ৮৯ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করে লিভারপুলের জয়ের ব্যবধানটাই বাড়িয়ে দিয়েছেন সুয়ারেজ।