সুয়ারেজের তিন ফোঁটা অশ্রু

কফোঁটা চোখের জল ফেলেছিলেন লুইস সুয়ারেজ? শল্যবিদের ছুরিটা যখন বাঁ হাঁটু চিরে দিয়েছিল, ঠোঁট কামড়ে কি কান্না চাপতে হয়েছিল? উরুগুয়ে স্ট্রাইকার জানালেন, তিন ফোটা অশ্রু তাঁর ঠিকই ঝরেছিল। তবে বিশ্বকাপ খেলতে পারবেন না, এমন আশঙ্কা কখনোই তাঁর মাথায় আসেনি।
বিশ্বকাপে চোট রাহুর গ্রাসের মতো ছিনিয়ে নিয়েছে অনেকের স্বপ্ন। ফ্যালকাও, রিবেরি, রয়েস...তালিকাটা লম্বাই। সেই মিছিলে যোগ দেওয়ার সম্ভাবনা জেগেছিল সুয়ারেজেরও। বাঁ হাঁটুর মিনিসকাসে ঝটিকা অস্ত্রোপচারের পর তো সুয়ারেজকে নিয়ে সেই অনিশ্চয়তার মেঘটা আরও বেশি গাঢ় হয়ে ওঠে।
এখন অবশ্য মনে হচ্ছে শঙ্কার মেঘ কেটে গেছে। হালকা অনুশীলন শুরু করেছেন আগেই, দুই দিন আগে পা ছোঁয়াতে পেরেছেন বলেও। সুয়ারেজ অবশ্য দাবি করলেন, চোটকে কখনোই আততায়ী মনে করেননি, ‘কখনোই আমি খুব একটা চাপ টের পাইনি। কখনোই আমি দুঃখবোধ করিনি, কারণ বিশ্বকাপ খেলতে পারব না এটা কখনোই ভাবিনি। ভাবনাটা আমার মাথাতেই আসেনি।’ এমনকি খুব একটা উদ্বেগও তাঁকে জেঁকে ধরতে পারেনি, ‘আমি খুব একটা বিচলিত বোধ করিনি (সেরে ওঠার সময়ে)। খুব একটা চাপও টের পাইনি। আমি হয়তো চোটের জন্য ব্যথায় কাঁদতে পারতাম, কিন্তু কাঁদিনি। কারণ জানতাম, আমি পারব। শুধু ডাক্তার যখন প্রথমবার কথা বললেন তিন ফোঁটা অশ্রু ঝরেছিল। আমার স্ত্রী বলেছিল, “তুমি কীভাবে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে সেটা আমি বিশ্বাসই করতে পারছি না৷” কিন্তু আমি জানতাম আমি পারব।’
বিশ্বকাপে খেলবেন, কিন্তু ১৪ জুন কোস্টারিকার সঙ্গে প্রথম ম্যাচে কি মাঠে নামতে পারবেন? সুয়ারেজ স্পষ্ট করে কিছু বলতে পারছেন না, ‘হাঁটুটা কী রকম আচরণ করে সেটা বলা মুশকিল। আমি হয়তো বলতে পারি, ‘হ্যাঁ’, প্রথম ম্যাচেই খেলব। বা বলতে পারি, দ্বিতীয় বা তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষা করব।’ কিন্তু উন্নতিটা ঠিকঠাক হচ্ছে কি না সেটার ওপরই সবকিছু নির্ভর করছে।”
১৪ জুন না নামুন, ১৯ জুন ইংল্যান্ডের বিপক্ষে নিশ্চয়ই নামতে চাইবেন সুয়ারেজ। একদিক দিয়ে ইংলিশ দলটা ভালোমতোই চেনা সুয়ারেজের। জেরার্ড, স্টারিজ, স্টার্লিং, হেন্ডারসনদের সঙ্গে মাত্রই লিভারপুলের হয়ে মনে রাখার মতো মৌসুম কাটিয়ে এসেছেন। প্রতিপক্ষকে সম্মান দিলেও তাদের দুর্বলতার জায়গাগুলো সুয়ারেজের দৃষ্টি এড়াচ্ছে না, ‘ইংল্যান্ড দলে অভিজ্ঞতা ও তারুণ্যের ভালো মিশ্রণ আছে। আগে ওদের এমন কিছু খেলোয়াড় ছিল যারা নিজেদের সেরাটা পেছনে ফেলে এসেছে। এখন সাফল্যের জন্য ক্ষুধার্ত অনেকেই আসছে দলে। কিন্তু রক্ষণে ওদের সমস্যা আছে। সেটা কতটুকু তা-ও আমি জানি। এটা এখানে বলছি না। তবে দলের সবাইকে তো বলবই।’
সুয়ারেজ যেমন জেরার্ডদের চেনেন, উল্টো দিকেও তো কথাটা সত্যি। ওয়েবসাইট৷