
৬২ বছর বয়সী শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। প্রতিদিন হাসপাতালে যাচ্ছেন, নিতে হচ্ছে কেমোথেরাপি। হঠাৎ খবর এল লুইস সুয়ারেজ চোট পেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। মনের সুতায় পড়ল টান। নিজের অসুস্থতার কথা ভুলে ছুটে গেলেন সুয়ারেজের বাড়িতে। মৃত্যুর সঙ্গে লড়তে থাকা যোদ্ধা সুয়ারেজকে নিয়ে চালালেন আরেকটি লড়াই। তাতে জিতলেন৷ খেলার মতো ফিট করে তুললেন সুয়ারেজকে।
সেদিন ইংল্যান্ড-উরুগুয়ে ম্যাচের প্রতিটি সেকেন্ডে ছিল মৃত্যুর সঙ্গে জীবনের লড়াইয়ের গল্প, ছিল স্বপ্ন। সুয়ারেজ স্বপ্নের ওই প্রথম গোলটি করেই ছুটলেন বেঞ্চে বসে থাকা প্রবীণের দিকে। দিলেন তাঁকে আবেগ-বন্যায় ভাসিয়ে। তিনি ‘মিরাকল ম্যান’—উরুগুয়ে দলের ফিজিওথেরাপিস্ট ওয়াল্টার ফেরেইরা।
মুহূর্তটির জন্য কম কাঠখড় পোড়াননি দুজনে। ২২ মে হাঁটুতে অস্ত্রোপচারের পর বিছানা আর বালিশ হয়ে ওঠে সুয়ারেজের নিত্যসঙ্গী। হয়তো ব্রাজিলে আসার স্বপ্নও ছেড়ে দিয়েছিলেন ওই রাতে। কিন্তু পরদিনই সুয়ারেজের বাসায় হাজির ফেরেইরা। শুরু করলেন সুয়ারেজকে সুস্থ করে তোলার অভিযান৷ ফেরেইরা নিজে আরও অসুস্থ হয়ে পড়ায় আসতে পারতেন না। স্ত্রীর সাহায্য নিয়ে সুয়ারেজ নিজেই তাঁর বাসায় যাওয়া-আসা শুরু করলেন। মাঠে ফিরতে ব্যাকুল সুয়ারেজ চালিয়ে গেলেন পুনর্বাসন-প্রক্রিয়া। তাঁদের লড়াইয়ের ফল ফুটবল-বিশ্ব ইংল্যান্ড ম্যাচেই দেখেছে৷
মাত্র ২৮ দিনের মাথায় মাঠে সুয়ারেজের রাজসিক প্রত্যাবর্তন৷ প্রথম ম্যাচে হারের পর ইংল্যান্ডের সঙ্গে রূপকথার এই জয়ে ফেরেইরার কাছেই কৃতজ্ঞ পুরো উরুগুয়ে, কৃতজ্ঞ সুয়ারেজও। ম্যাচ শেষে উরুগুয়ের ড্রেসিংরুমে ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন সুয়ারেজ। সেখানে অকপটে স্বীকার করেন, ‘ফেরিরা না থাকলে আমি আজকের দিনটি হয়তো পেতাম না। হয়তো পেত না উরুগুয়ে।’ আবেগাপ্লুত সুয়ারেজের মনে বিছানায় শুয়ে থাকা কষ্টের দিনগুলো ঘুরেফিরে এল তাই বারবার, ‘ফেরেইরাকে কাছে পেলে শুধু কাঁদতাম। সত্যি কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে গেছি। আমাকে সুস্থ করার জন্য দিনরাত খেটেছেন, অথচ তিনি নিজেই অসুস্থ৷ ফেরেইরা সব সময় আমার সঙ্গে থাকতেন, আমাকে সুস্থ করে তুলতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। স্ত্রী আর দুই সন্তানের মতো এই মানুষটিও আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তিনি আমার সুস্থ হওয়ার জন্য যা কিছু করেছেন, তার প্রতিদান দেওয়া সম্ভব নয়।’ আসলেই তা-ই। এই সুয়ারেজের জন্যই ফেরেইরার ব্রাজিলে উড়ে আসা। সে কথাই বললেন ফেরেইরার স্ত্রী, ‘চিকিৎসকেরা ওকে ব্রাজিলে যাওয়ার অনুমতি দিয়েছিল। কারণ তখন সে খানিকটা সুস্থ। চিকিৎসকেরা মনে করেছিলেন ব্রাজিলে গেলে ফেরেইরার ভালো লাগবে। কারণ ওর কাজই ওকে বেশি তৃপ্তি দেয়। ভয় নিয়েই ও সেখানে গেছে, সঙ্গে ওষুধের বাক্সটিও। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, ওর শ্বেতরক্তকণিকার পরিমাণ ধীরে ধীরে বাড়ছে।’
মিসেস ফেরেইরার চোখে ইংল্যান্ড ম্যাচের জয়ের নায়ক তাই দুজন, ‘ইংল্যান্ড জয়ের প্রশংসা দুজনকেই দিতে হচ্ছে। তাঁদের দুজনের মিলিত প্রচেষ্টাতেই এসেছে এ রকম একটি মুহূর্ত।’ সূত্র: ওয়েবসাইট।