সুয়ারেজের ম্যাচে জয় ইউনাইটেডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড ময়েস নন, ব্রেন্ডন রজার্স নন। ওয়েইন রুনি বা স্টিভেন জেরার্ডদেরও কেউ নন। পরশু ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুলের লিগ কাপের ম্যাচে আলোটা ছিল লুইস সুয়ারেজের ওপর। ১০ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচেই যে ফিরেছেন লিভারপুল স্ট্রাইকার! তবে প্রত্যাবর্তন ম্যাচটাকে স্মরণীয় করে রাখার মতো কিছু করতে পারেননি। মাঠও ছাড়তে হয়েছে পরাজয়ের বেদনা নিয়ে। হাভিয়ের হার্নান্দেজের গোলে জিতে ইউনাইটেড উঠে গেছে চতুর্থ রাউন্ডে।
ইউনাইটেডের নতুন কোচ ময়েস ভালোমতোই বুঝতে পারছিলেন, ছোট্ট নদী থেকে মহাসাগরে গিয়ে সাঁতরানো চাট্টিখানি কথা নয়। সিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার ক্ষতটা এখনো টাটকা। আর অ্যানফিল্ডে হারের স্মৃতিটা তো এই মাসেরই। প্রতিশোধ নেওয়ার উপলক্ষ তো ছিলই, সিন্দাবাদের ভূতের মতো চেপে বসা চাপটা একটু হালকা করার সুযোগও ছিল ময়েসের। জয়টা সব দিক দিয়েই একঝলক স্বস্তির সুবাতাস হয়ে এসেছে তাঁর জন্য। যে কারণে ময়েস ম্যাচ শেষে বড় গলায় বলতে পেরেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা দেখাতে পেরেছি রোববারের ম্যাচটা (সিটির সঙ্গে) আমাদের দমাতে পারেনি। সেদিন আমরা আমাদের মান অনুযায়ী খেলতে পারিনি। আর এখন খেলোয়াড়েরা দারুণ একটা ফল এনে দিয়েছে।’
‘দারুণ ফল’ই, কারণ চোটের কারণে ফন পার্সি খেলেননি, বিশ্রাম দেওয়া হয়েছিল ফার্ডিনান্ড, ভিদিচ, এভরা, ক্যারিকদের মতো অভিজ্ঞদের। ওদিকে লিভারপুল নেমেছিল পূর্ণশক্তির দল নিয়েই। কিন্তু ফুটবল তো আর কাগজে-কলমের খেলা নয়, মাঠে তাই লড়াই হলো সেয়ানে সেয়ানে। ৪৬ মিনিটে রুনির কর্নার থেকে বক্স থেকে সুযোগসন্ধানী হার্নান্দেজের গোলটাই গড়ে দিয়েছে পার্থক্য।
দল হারার পরও সুয়ারেজকে নিয়ে সন্তুষ্টই রজার্স, ‘সে অনেক দিন খেলার বাইরে ছিল। সেই বিবেচনায় সে ভালোই খেটেছে। আপনারা দেখেছেন সে সব সময়ই ভীতি ছড়াচ্ছিল।’ এএফপি ও রয়টার্স।