সুযোগ আছে আট দলেরই!
কাগজ-কলম নিয়ে পয়েন্ট, গোল আর গোল-ব্যবধানের হিসাব কষতে বসে যান, কারণ আজ থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্যায়ের শেষ রাউন্ডের ম্যাচগুলো। শেষ রাউন্ড বলেই গ্রুপের দুটি খেলাই হচ্ছে একই সময়ে, যাতে কোনো দলই বাড়তি কোনো সুবিধা না পায়। আজ ‘এ’ ও ‘বি’ গ্রুপের খেলা শেষ হবে—কাগজে-কলমে এই দুই গ্রুপের আটটি দলেরই আছে দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ!গ্রুপ ‘এ’এই গ্রুপের সব হিসাব-নিকাশ থামিয়ে দিতে পারে একটা মাত্র ড্র। উরুগুয়ে-মেক্সিকো বা ফ্রান্স-দক্ষিণ আফ্রিকা ম্যাচের যেকোনো একটি ড্র হলেই উরুগুয়ে ও মেক্সিকো চলে যাবে শেষ ষোলোতে। আনেলকা-কাণ্ডে এলোমেলো ফ্রান্সের পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা তাই ক্ষীণ, বাফানা বাফানারা তো আশাই ছেড়ে দিয়েছে। কাগজে-কলমে কিন্তু দুটি দলেরই সম্ভাবনা আছে। প্রথমে ফ্রান্স—ফ্রান্স দক্ষিণ আফ্রিকাকে এবং উরুগুয়ে মেক্সিকোকে হারালে: ফ্রান্সের পরবর্তী রাউন্ডে উঠতে হলে দুই ম্যাচে মোট গোল-পার্থক্য কমপক্ষে ৫ হতে হবে (যেমন: উরুগুয়ে ২-মেক্সিকো ০ এবং ফ্রান্স ৩-দক্ষিণ আফ্রিকা ০)। দুই খেলায় গোল-পার্থক্য ৪ হলেও ফ্রান্স উঠবে, কিন্তু এ ক্ষেত্রে মেক্সিকো কোনো গোল করলে ফ্রান্সকে ৪ গোল বেশি করতে হবে। (যেমন: উরুগুয়ে ১-মেক্সিকো ০ এবং ফ্রান্স ৪-দক্ষিণ আফ্রিকা ১)। এমন কিছু না হলে হেরেও শেষ ষোলোতে উরুগুয়ের সঙ্গী হবে মেক্সিকো।ফ্রান্স দক্ষিণ আফ্রিকাকে এবং মেক্সিকো উরুগুয়েকে হারালে: যদি এ দুই খেলার মোট গোল-পার্থক্য কমপক্ষে ৬ হয় (যেমন: মেক্সিকো ৪-উরুগুয়ে ০ এবং ফ্রান্স ২-দক্ষিণ আফ্রিকা ০), তবেই গোল-ব্যবধানে এগিয়ে মেক্সিকোর সঙ্গী হবে ফ্রান্স। দুই খেলায় মোট গোল-পার্থক্য ৫ হলেও ফ্রান্সের সুযোগ আছে, কিন্তু মেক্সিকোর বিপক্ষে উরুগুয়ে যত গোল করবে, ফ্রান্সকে করতে হবে চারটি বেশি। (যেমন: মেক্সিকো ১-উরুগুয়ে ০ ও ফ্রান্স ৪-দক্ষিণ আফ্রিকা ০)। এতে উরুগুয়ে ও ফ্রান্সের পয়েন্ট ও গোল-পার্থক্য সমান হলেও বেশি গোল করার সুবাদে উঠে যাবে ফ্রান্স।ফ্রান্সের কাজটা কত কঠিন, সেটি তো বোঝাই যাচ্ছে। গোল-পার্থক্যে ফ্রান্সের চেয়ে পিছিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকার জন্য তা কঠিনতর। ফ্রান্সকে তারা বড় ব্যবধানে হারাবে, সঙ্গে মেক্সিকো-উরুগুয়ে ম্যাচে কেউ বড় ব্যবধানে হারবে—এত সব কল্পকল্পনা করে কাগজ নষ্ট করার তাই মানে হয় না।গ্রুপ ‘বি’বি গ্রুপে আর্জেন্টিনা বলতে গেলে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়েই রেখেছে। কমপক্ষে ৩ গোলে গ্রিসের কাছে হারলে আর দক্ষিণ কোরিয়া কমপক্ষে ৩-১ গোলে ব্যবধানে নাইজেরিয়াকে হারালেই কেবল বাদ পড়বে মেসিরা।আর্জেন্টিনা-গ্রিস ম্যাচ ড্র হলে ‘সুপার ইগল’দের কোনো সম্ভাবনাই থাকবে না। কোরিয়ার তখন গ্রিসকে টপকাতে কমপক্ষে ড্র করতে হবে। গ্রিস ও কোরিয়ার পয়েন্ট ও গোল-পার্থক্য সমান। কিন্তু গোল বেশি করায় আর মুখোমুখি ম্যাচে জেতায় এগিয়ে আছে কোরিয়া। দক্ষিণ কোরিয়া যদি নাইজেরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে, তবে গ্রিসকে ড্র করতে হবে ২-২ গোলে। তবে যেকোনো স্কোরলাইনে ড্র করেও গ্রিস উঠতে পারে, যদি কোরিয়াকে হারিয়ে দেয় নাইজেরিয়া।অনুমিতভাবে আর্জেন্টিনার কাছে গ্রিস হেরে গেলে হিসাবটা খুব সহজ। তখন নাইজেরিয়া-দক্ষিণ কোরিয়া ম্যাচে জয়ী দল গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনার সঙ্গী হবে। আর ড্র হলে আর্জেন্টিনার সঙ্গী হবে দক্ষিণ কোরিয়া।