সুযোগ কাজে লাগাতে পারল না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন ছিল ফাইনালে খেলা। কিন্তু সেটি করতে হলে অন্তত ভারত বা পাকিস্তানকে হারাতেই হতো বাংলাদেশ হকি দলকে। কাজটা কত কঠিন, কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ০-৩ গোলে হেরে বাংলাদেশ সেটা বুঝল ভালোমতোই। পাকিস্তানের বিপক্ষে ৬টি পেনাল্টি কর্নার আদায় করেও শেষ পর্যন্ত গোল পেল না বাংলাদেশ। উল্টো ৪টি পেনাল্টি কর্নার থেকে পাকিস্তান গোল পেল দুটি।আগের ম্যাচে নেপালকে যারা ১৯ গোলে হারিয়েছে সেই পাকিস্তানের কাছে ৩ গোল খাওয়াটাই বা কম কি? সমস্যা হলো বাংলাদেশের খেলাটাই হলো এলোমেলো। না ছিল কোনো পরিকল্পনা, না ছিল কোনো সমন্বয়। চোখে পড়ার মতো আক্রমণও ছিল না। বরং বারবার তেড়েফুঁড়ে উঠে আসছিল পাকিস্তানের ওয়াসিফ সিদ্দিক, আবদুল কাইয়ুমরা। ম্যাচের ৮ মিনিটে পেয়ে যায় প্রথম গোলও। বক্সের সামান্য বাইরে থেকে আবদুল কাইয়ুমের ফিল্ড গোলে এগিয়ে যায় পাকিস্তান (১-০)।পেনাল্টি কর্নার থেকে প্রথম দুবার হিট করার সুযোগ পাননি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমান। চতুর্থবারে তিনি হিট করলেও সেটি ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার। ম্যাচের দ্বিতীয়ার্ধেও বেশ কবার সুযোগ মিলেছিল বাংলাদেশের এগিয়ে যাওয়ার। কিন্তু ৪২ মিনিটে ডি-বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়েও সেটি জালে ঢোকাতে পারেননি জিমি। সুযোগ এসেছিল আরও একটি—ম্যাচের ৫৭ মিনিটে মিমোর পাস থেকে পাওয়া বলটিতে স্টিকের আলতো স্পর্শই যথেষ্ট ছিল। সেটাও পারেননি জিমি।পাকিস্তান প্রথম পেনাল্টি কর্নারের দেখা পায় দ্বিতীয়ার্ধে এসে। প্রথম দুটো কাজে লাগাতে ব্যর্থ হলেও তৃতীয়বারে ঠিকই সফল। আকবরের পুশ ওয়াকাস ব্লক করেন। এরপর ড্র্যাগ ফ্লিক থেকে দ্বিতীয় গোল করেন (২-০) ওয়াসিফ সিদ্দিক। ম্যাচ শেষের দুই মিনিট আগে একইভাবে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওয়াসিফ।বাংলাদেশ কোচ গেরহার্ড পিটারকে ম্যাচ শেষে হতাশই মনে হলো। বললেন, ‘ছেলেরা খুবই বাজে খেলেছে। আমার পরিকল্পনা মেনে খেলেনি।’ খারাপ লাগছে জিমিরও। কোনো কথাই বলতে চাইলেন না খেলা শেষে। আসাদুজ্জামান চন্দন অবশ্য আশা ছাড়েননি, ‘আমরা আশা করছি সামনের ম্যাচে এর চেয়ে আরও ভালো খেলব।’ পাকিস্তান দলের সহকারী কোচ আহমেদ আলম অবশ্য প্রশংসাই করলেন বাংলাদেশ দলের, ‘বল পজিশনে দু দলই সমান ছিল। আমরা আমাদের টেকনিক অনুসারে খেলেছি। তবে এটা স্বীকার করতে হবে বাংলাদেশ দলের চমক দেওয়ার ক্ষমতা আছে।’ নেপালের বিপক্ষে আজ আবার মাঠে নামবে বাংলাদেশ।এবার শ্রীলঙ্কা দিল ১৫ গোল: প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেয়েছিল ২১ গোল। এরপর পাকিস্তান দিল ১৯টি। কাল ব্যবধান কিছুটা কমাতে পেরেছে নেপাল। শ্রীলঙ্কা তাদের হারিয়েছে ১৫-১ গোলে। অধিনায়ক অভিরত্নে দিয়েছেন ৬টি গোল। গাজ্জালি, দিশানায়ক, মুলাফফার ২টি করে গোল করেছেন। হেতিয়ারিচ্চি, জয়সুন্দর, হিউয়েজের গোল ১টি। নেপালের দিপেন্দ্র করেছেন সান্ত্বনার একমাত্র গোলটি।