‘ইংলিশ প্রিমিয়ার লিগে উইগান অবনমিত হয়েছে এই মৌসুমে। আবার এফএ কাপও জিতেছে এবার!’বক্তার নাম সাইফুল বারী। আজ শুরু সুপার কাপের সেমিফাইনাল পর্ব সামনে রেখে কাল চার দলের সংবাদ সম্মেলনে বললেন মোহামেডানের কোচ। ‘ছোটরা’ও অনেক সময় বড় আসরে বাজিমাত করতে পারে। এটা শুধু অন্যতম সেমিফাইনালিস্ট এবং শিরোপাপ্রত্যাশী সাদা-কালো দলের কোচেরই বিশ্বাস নয়, প্রায় সবারই। আরেকটি জায়গায় সবারই অভিন্ন মত—তৃতীয় সুপার কাপটা বেশ উন্মুক্ত। বিদেশি খেলোয়াড়বিহীন এই টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড় নিয়ে সব দলই উনিশ-বিশ। সম্ভাবনার দুয়ার তাই কমবেশি সবার জন্যই খোলা।তবে চার দলের মধ্যে শেখ রাসেল অবশ্যই শক্তিতে এগিয়ে। আজ ব্রাদার্সের বিপক্ষে প্রথম সেমিতে (সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু) মৌসুমে ত্রিমুকুটজয়ী শেখ রাসেলই ফেবারিট। কিন্তু বাংলাদেশ লিগে কোনোমতে আটে থেকে টিকে যাওয়া ব্রাদার্স কিনা আজ চোখ রাঙাচ্ছে রাসেলকে!আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালের দুই দল মোহামেডান-মুক্তিযোদ্ধা। লিগের দ্বিতীয় শেখ জামাল, তৃতীয় আবাহনী, চতুর্থ বিজেএমসি ছুটি নিয়েছে গ্রুপ পর্বেই। লিগে পঞ্চম মোহামেডান আর ষষ্ঠ হওয়া মুক্তিযোদ্ধার সেমিতে উঠে আসাটা অবশ্যই চমক। ব্রাদার্সের চমক তো আরও বেশি।এ কারণেই ব্রাদার্সের বিপক্ষে রাসেল কোচ মারুফুল হকের সতর্ক উচ্চারণ, ‘জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’ অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যেরও কথা, ‘সবার দোয়া চাই। যেন মৌসুমের চার নম্বর শিরোপাটাও নিতে পারি আমরা।’রাসেলের এই উচ্চাশার লাগাম টেনে ধরতে চান ব্রাদার্স কোচ মহিদুর রহমান। সংবাদ সম্মেলনে তাঁর একটা কথাই বেশি কৌতূহল জাগাল, ‘আমরা কিন্তু সেমিতে রাসেলকেই চেয়েছিলাম।’ শেখ রাসেলকে এড়াতে চাওয়ার কথা অন্য দলগুলোর। কিন্তু ব্রাদার্স কোচ সেই রাসেলকেই চেয়েছিলেন, ‘রাসেলকে পেলে ছেলেরা উদ্যমী হয়ে আরও ভালো খেলার চেষ্টা করবে এবং আমরা জিতেও যেতে পারি।’ব্রাদার্সের অধিনায়ক ইউসুফ আলী খানেরও একই আশাবাদ, ‘আমরা মাঠে সেরাটা দিতে পারলে জেতার সম্ভাবনা অবশ্যই থাকবে।’ যদিও হাঁটুর চোটের কারণে আজ ইউসুফের না খেলার সম্ভাবনাই বেশি।গ্রুপ পর্বে মোহামেডানই ছিল সবচেয়ে ধারাবাহিক। গতিময় ফুটবল খেলে দলটি মন জয় করেছে খোদ জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফেরও। ডাচ কোচ দেশে ফেরার আগে মুগ্ধতাই জানিয়ে গেছেন, ‘মোহামেডানের খেলা দেখে আমি অবাক। ওরা দারুণ খেলেছে।’ সাদা-কালোরা সত্যিই দারুণ খেলছে এই সুপার কাপে। মাঝমাঠ সংগঠিত। গোটা দলের বোঝাপড়া চমৎকার। নিয়মিত অধিনায়ক মতিউর মুন্নার পবিবর্তে অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসে রজনী জানালেন আশাবাদ, ‘প্রথম সুপার কাপ আমরা জিতেছিলাম। এবার দলের টিম স্পিরিট অনেক। আশা করি, আমরাই শেষ হাসি হাসব।’‘চমকের টুর্নামেন্টে’ চমক ধরে রাখতে চান মুক্তিযোদ্ধার অধিনায়ক জহিরুল। শারীরিকভাবে মুক্তিযোদ্ধার খেলোয়াড়েরা বেশ চাঙা। একেই বড় করে দেখালেন তিনি, ‘আমরা পুরোপুরি ফিট। জেতার জন্যও তৈরি।’ কালই বকেয়া বেতনের কিছু টাকা পেয়েছেন মুক্তিযোদ্ধার খেলোয়াড়েরা। এটা তাদের আরও উজ্জীবিত করবে। সংবাদ সম্মেলনে আসতে পারেননি মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম। তবে ফোনে জানালেন, এবার তাঁর মনে হচ্ছে সুপার কাপ পাবে নতুন চ্যাম্পিয়ন। সেই দলটা নাকি মুক্তিযোদ্ধাও হতে পারে!