সুযোগ পেয়ে কুকদের ব্যাটিং প্র্যাকটিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহাম গুচ বাংলাদেশের অতিথিপরায়ণতার প্রশংসা করেছেন। এবার কি অ্যালিস্টার কুকও করবেন? প্র্যাকটিস ম্যাচে বিসিবি একাদশ চাইলেই তাদের ব্যাটিং প্র্যাকটিসে বাদ সাধতে পারত। সেটা না করে কাল ফতুল্লা স্টেডিয়ামে টসে জিতেও ইংল্যান্ডকে ‘সৌজন্য’ দেখিয়ে আগে ব্যাটিংয়ে পাঠানো এবং সে সুযোগে ৭ উইকেটে ৩৭০ রান তুলে ইংল্যান্ডের ১১২ রানের জয়—ইংল্যান্ড অধিনায়ক বাংলাদেশের আতিথ্যে মুগ্ধ না হয়ে পারেনই না!ম্যাচ শেষে কুক কথাটা একটু অন্যভাবে বলেই ফেললেন, ‘আমি একটু অবাকই হয়েছি ও রকম সিদ্ধান্তে। আমরাও টসে জিতলে আগে ব্যাটিংই নিতাম।’ টসে হেরেও যখন সেটা পাওয়া গেল, ইংল্যান্ড ব্যাটসম্যানরা সুযোগের পাকা সদ্ব্যবহার করে ছাড়লেন। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনার ক্রেইগ কিসওয়েটার ও সহ-অধিনায়ক পল কলিংউড, সেঞ্চুরি করেছেন দুজনই। কুকের সঙ্গে ১২৭ রানের ওপেনিং জুটি গড়া কিসওয়েটারকে সেঞ্চুরির জন্য ১০১ বল পর্যন্ত অপেক্ষা করতে হলেও কলিংউড তুলোধুনো করেছেন বিসিবি একাদশের বোলারদের। ছয় বাউন্ডারি আর ছয় ছক্কায় মাত্র ৬৬ বলে পূর্ণ হয়েছে তাঁর সেঞ্চুরি।আলাউদ্দিন বাবু পর পর দুই বলে কুক আর কেভিন পিটারসেনকে ফিরিয়ে দেওয়ার পর তৃতীয় উইকেটে ১২৫ রানের জুটি হয়েছে কিসওয়েটার-কলিংউডের। এই দুই ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ড অধিনায়ক, প্রশংসা করেছেন নিজের বোলারদেরও, ‘এই কন্ডিশনে কলিংউড এবং ক্রেইগ খুবই ভালো ব্যাট করছে। বোলারদের পারফরম্যান্সেও আমি সন্তুষ্ট। দুবাইয়ে টি-টোয়েন্টি খেলে আসার পর এখানেও আজ (গতকাল) তারা খুব ভালো করল। বিশেষ করে গ্রায়েম সোয়ান, লিয়াম প্লাঙ্কেট তো দারুণ বল করেছে। সোয়ান তো ১২ মাস ধরেই খুব ভালো ফর্মে আছে।’কুকের ধন্যবাদ পেতে পারেন বিসিবি একাদশের ফিল্ডাররাও। এক কিসওয়েটারই ব্যক্তিগত ২৮, ৮২ আর ১২৯ রানে নতুন জীবন পেয়েছেন শাফাক আল জাবির, তাপস বৈশ্য ও শাহরিয়ার নাফীসের হাত গলে। কলিংউডের ‘লাইফ’ একটা। সহজ ক্যাচ ফেলার বাইরে আছে স্টাম্পিং মিসের উদাহরণ, আছে ফ্লাইট বুঝতে না পেরে ক্যাচিং পজিশনেই যেতে না পারার ব্যর্থতা। এই বাজে ফিল্ডিংয়েই ইংল্যান্ড এত রান করতে পেরেছে বলে মনে করেন অধিনায়ক শাহরিয়ার নাফীস। দলের ভারসাম্যের দিকেও আঙুল তুলেছেন অধিনায়ক, ‘আমরা ঠিকভাবে ফিল্ডিং করতে পারলে ওদের স্কোর ২৭০-এর মতো হতো। আমাদের ৬-৭টা ক্যাচ পড়েছে, গ্যাপটা ফিল্ডিংয়েই হয়ে গেছে। আর আমাদের কার্যকর স্পিন আক্রমণও ছিল না। ওদের ১০ জন ব্যাটসম্যান ডানহাতি, অথচ আমরা তিনজন অফ স্পিনার নিয়ে খেলেছি! হয়তো বোর্ডের পরিকল্পনাই ছিল মূল অস্ত্র লুকিয়ে রাখা হবে।’কিন্তু টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ করে দেওয়াটা কি সত্যি সত্যি বাঙালির আতিথেয়তা! কোচ মিনহাজুল আবেদীন দ্বিমতই পোষণ করলেন, ‘না, না সে রকম চিন্তা ছিল না। আসলে সকালের দিকে উইকেটে কিছুটা ময়েশ্চার ছিল। আর ইংলিশ বোলারদের শক্তিমত্তা কেমন, সে ব্যাপারেও ভালো ধারণা ছিল না আমাদের। সে কারণেই ওদের আগে ব্যাটিং দেওয়ার সিদ্ধান্ত।’ শাহরিয়ারেরও একই কথা, তবে তার এই ব্যাখ্যায়ও ঘুরেফিরে আসছে ফিল্ডিং ব্যর্থতা, ‘কোচ বলেছিলেন এই উইকেট সকালবেলা একটু নরম থাকলেও বিকেলে শুকিয়ে যায়। তবে ভালো ফিল্ডিং করলে এই সিদ্ধান্তই আমাদের পক্ষে যেত।’প্রতিপক্ষের স্কোরবোর্ডে ৩৭০ রান দেখলে ব্যাটসম্যানরা এমনিতেই চাপে পড়ে যায়। সোয়ান-প্লাঙ্কেটরা সেটারই সদ্ব্যবহার করেছেন। ৩৭০ রানের জবাবে বড় কোনো জুটিই নেই বিসিবি একাদশ ইনিংসে। সর্বোচ্চ ৫০ রানের জুটি এসেছে ওপেনার নাসিরউদ্দিন ও রকিবুল হাসানের তৃতীয় উইকেটে, সর্বোচ্চ রান মোহাম্মদ শরীফউল্লাহর ৪৭।ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থতা, ম্যাচ শেষে রণকৌশলের গলদও ধরা পড়ল। তার পরও ফতুল্লা স্টেডিয়ামে দাঁড়িয়ে জাতীয় দলকে আত্মবিশ্বাসী হতে বললেন শাহরিয়ার, ‘ইংল্যান্ডের এই দলটাকে হারানো সম্ভব। তারা ভালো দল সন্দেহ নেই, তবে মোটেও অপরাজেয় নয়। আজ (গতকাল) ওদের মূল বোলিং আক্রমণ না খেললেও আমার মনে হয়েছে তাদের উইকেট নেওয়ার মতো বোলারের অভাব আছে। নিজেদের কন্ডিশনে এই বোলিং আক্রমণটা আমাদের ব্যাটিংয়ের জন্য ভালো হবে।’একই প্রতিপক্ষের বিপক্ষে একই ভেন্যুতে আগামীকাল শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।