খেলার সুযোগ পাচ্ছিলেন না। বেঞ্চই যেন ঠিকানা হয়ে গিয়েছিল। দলের প্রয়োজনে কাল বদলি হিসেবে সুযোগ দিলেন কোচ। শেখ জামালকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দিতে এই সুযোগ হাতছাড়া করেননি তৌহিদুল আলম (সবুজ)। এই স্ট্রাইকারের হাত ধরে লিগ লড়াইয়ে টিকে রইল শেখ জামাল।চোটের কারণে শাকিল, মোস্তাক, শরিফ, রাজু নেই। সর্বশেষ চোটে পড়েন সানডেও। কাল আরামবাগের বিপক্ষে ‘জিততেই হবে ম্যাচে’ তিনিও নেই। অর্ধেক ফিট আলফ্রেডকে কোচ নিরুপায় হয়ে একাদশে রাখেন। প্রথমার্ধের মাঝামাঝি তাঁকে তুলে নিতে বাধ্য হন কোচ যোসেফ আপুসি।জামালের জন্য এটা ছিল আরেকটি ধাক্কা। স্থানীয় খেলোয়াড়দের ওপর কোচ সাধারণত আস্থা রাখেন না। বিদেশিরা গোল না পেলেও খেলে যান ম্যাচের পর ম্যাচ। কিন্তু কাল অনন্যোপায় হয়ে চার-পাঁচ ম্যাচ পর সবুজকে নামান কোচ।গোল কিছুতেই আসছিল না। জামালকেই আরামবাগ চোখ রাঙাচ্ছিল। কোনোমতে আরামবাগ ম্যাচটি ড্র করে ফেলতে পারলে লিগ লড়াইয়ে পিছিয়ে পড়ত শেখজামাল। সে ক্ষেত্রে আরও সুবিধাজনক অবস্থায় চলে যেত শেখ রাসেল।কিন্তু শেষ ১০ মিনিটেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের দৃশ্যপট বদলে গেছে। শেখ জামালের ত্রাতা হয়ে উঠলেন সবুজ। গোল করলেন, করালেন। ৮৩ মিনিটে অরূপের ক্রসে হেডে গোল-বন্ধ্যাত্ব ঘোচান ম্যাচের। অতিরিক্ত সময়ে ডান দিক থেকে সবুজের ক্রসে নাইজেরিয়ান মিডফিল্ডার চিবোকে বল জালে পাঠান আলতো শটে।এই জয়ে ১৩ ম্যাচে জামালের পয়েন্ট ২৮। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি শেখ রাসেলের। বাংলাদেশ লিগের শিরোপা-দৌড়ে থাকা দুই দল মুখোমুখি হবে ১৬ এপ্রিল। যেটি ‘অঘোষিত’ ফাইনাল। কাল মোহামেডানের সঙ্গে আবাহনী ড্র করায় রাসেল-জামালের সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। জামাল কোচ যোসেফ আপুসি বললেন, ‘লিগ এখনো উন্মুক্ত। যে কেউ জিততে পারে।’ওদিকে ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অবনমন-শঙ্কা আরও জোরালো হয়েছে আরামবাগের। শীর্ষ লিগে টিকে থাকা এ দলটার পক্ষে এবার ভীষণ কঠিন।