সুযোগ হাতছাড়া জাপানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাছাই পর্ব উতরে প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের টিকিট পেয়েছিল জাপান। এশীয় এই দলটির সামনে এবারও ‘প্রথম’ হওয়ার দারুণ একটা সুযোগ এসেছিল। কিন্তু গতকাল জর্ডানের কাছে ২-১ গোলে হেরে সেই সুযোগ হাতছাড়া করল নীল সামুরাইরা। ২০১৪ বিশ্বকাপের স্বাগতিক দল ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে জয়ের প্রয়োজন ছিল জাপানের। কিন্তু বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করে আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় হেরে গেছে তারা। এদিন পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হয়েছে জাপান। গ্রুপের অন্য অস্ট্রেলিয়া-ওমান ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় জর্ডানের বিপক্ষে ড্র করলেও এদিনই বিশ্বকাপের টিকিট পেয়ে যেত জাপান। জর্ডানের কাছে হারের পরও এশীয় বাছাই পর্বের ‘বি’ গ্রুপে ছয় খেলায় ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জাপান। এএফপি।