সুযোগ হারাল জামাল
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ফরাশগঞ্জ-চট্টগ্রাম মোহামেডান গোলশূন্য ম্যাচ শেষে মাইকে ঘোষণা এল, ‘সুধী দর্শকমণ্ডলী, আজ ফেনী স্টেডিয়ামে ফেনী সকারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে শিরোপাপ্রত্যাশী শেখ জামাল।’আবাহনী গ্যালারিতে থাকা শ খানেক দর্শক হাততালি দিয়ে স্বাগত জানাল এই ঘোষণাকে। শেখ জামাল ড্র করা মানে আবাহনীর লাভ। মুক্তিযোদ্ধাও লাভবান। কিন্তু শেখ জামাল এই প্রথম বাংলাদেশ লিগের শীর্ষে ওঠার সুযোগটা হারাল। নিজের পায়েই যেন কুড়াল মারল জামাল।তবে ড্র নিয়েই সন্তুষ্ট থাকার কথা দলটির। খেলার ধারা অনুযায়ী জামাল এদিন হারতেও পারত। প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলেছে স্থানীয় দল সকার। দুবার তাদের গোলবঞ্চিত করেছে ক্রসবার। শেষ দিকে গোল পেতে পেতেও আর পায়নি। নয়ন ফাঁকা পোস্টে বাইরে মেরেছেন।জামালও সুযোগ নষ্ট করেছে। কাঠগড়ায় দুই আফ্রিকান লাগাবোগা ও চিকো। ফাঁকায় পেয়েও বল জালে পাঠাতে পারেননি তাঁরা। অধিনায়ক আমিনুল কাল ফোনে এ নিয়ে হতাশাই জানালেন, ‘বিদেশি স্ট্রাইকাররা সহজ সুযোগ নষ্ট করলে কী আর বলার থাকে। লাগাবোগা আর চিকোর মিসের খেসারত দিলাম আমরা। তবে ভাগ্যও আমাদের সঙ্গে ছিল। সকার জিততেও পারত।’১৭ ম্যাচে জামালের পয়েন্ট ৩৮। মুক্তিযোদ্ধার ৩৯। ১৭তম ম্যাচটা জিতলে আবাহনীর পয়েন্ট হবে ৩৮। শেখ রাসেলের ৩৫। লিগটা ২২ ম্যাচের। চার দলের সামনেই এখন শিরোপা জয়ের সুযোগ। শেষ দুটি ম্যাচে মুক্তিযোদ্ধা হারিয়েছে ৫ পয়েন্ট। তার পরও ১৭ রাউন্ড শেষে তারাই থাকছে শীর্ষে!ওদিকে অবনমন অঞ্চলে থাকা দলগুলোর লড়াইও এখন জমজমাট। ১৭ ম্যাচে ফেনী সকার ও ফরাশগঞ্জের পয়েন্ট ১৪। চট্টগ্রাম মোহামেডানের ১৩। সবার নিচে থাকা চট্টগ্রাম আবাহনীর ৫।সদ্য স্বাধীনতা কাপ জেতা ফরাশগঞ্জের সামনে অবনমন এড়ানো কঠিন হয়ে পড়ছে। কাল দলের গোল মিসের মহড়া দেখে কোচ কামাল বাবু ম্যাচের পর গজরাতে গজরাতে খেলোয়াড়দের এক হাত নিলেন, ‘এরা সবাই বড় প্লেয়ার হয়ে গেছে। তাই দলের এই অবস্থা!’