সুরে-সংগীতে বিশ্বকে স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিবি সেলিব্রেশন কনসার্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বাগত সংগীত ‘উড়ছে শান্তির পায়রা’ পরিবেশন করেন ফুয়াদ আল মুক্তাদির ও কোনাল। তাঁদের সঙ্গে ওয়ার্দা রিহাবের নির্দেশনায় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা । ছবি: খালেদ সরকার
বিসিবি সেলিব্রেশন কনসার্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বাগত সংগীত ‘উড়ছে শান্তির পায়রা’ পরিবেশন করেন ফুয়াদ আল মুক্তাদির ও কোনাল। তাঁদের সঙ্গে ওয়ার্দা রিহাবের নির্দেশনায় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা । ছবি: খালেদ সরকার

জোনাকির মতোই মিটিমিটি সে আলো, তবে রঙিন। গতকাল বৃহস্পতিবার সূর্যাস্তের পর লাল-নীল-সবুজ-বেগুনি অজস্র আলোর বিন্দুতে ভরে উঠল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। সঙ্গে অগণিত কণ্ঠের হর্ষধ্বনি।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ২০১৪ উপলক্ষে আয়োজিত বিসিবি সেলিব্রেশন কনসার্টে গানের পর্ব শুরু হয়েছিল বিকেলে দেশের ব্যান্ড দল অর্ণব ও তাঁর বন্ধুরা, সোলস, এলআরবির পরিবেশনা দিয়ে।
সন্ধ্যার বিরতির পর শুরু হয় কনসার্টের মূল পর্ব ছায়ানটের শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশন দিয়ে। পরে ছিল কোনাল ও ফুয়াদের কণ্ঠে বিসিবির স্বাগত সংগীত। ‘উড়ছে শান্তির পায়রা/ চলো বাংলাদেশ সারা বিশ্বকে স্বাগত জানাই’। গানটির সঙ্গে ওয়ার্দা রিহাবের পরিচালনায় সমবেত নৃত্য।
এরপর উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বিসিবি সেলিব্রেশন কনসার্ট উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। স্বাগত বক্তৃতা করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর নিভে গেল স্টেডিয়ামের সব আলো। অন্ধকার তখন বেশ গাঢ় হয়ে এসেছিল। আর তখন পূর্ব-পশ্চিম দুই পাশ থেকে আকশমুখে উঠে গেল বহুবর্ণিল আলোকের গোলা। মাথার ওপর সেগুলো প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ল কুচি কুচি আলোর টকুরা হয়ে। জমকালো এই আতশবাজির মধ্য দিয়েই শেষ হয় উদ্বোধনী পর্বের আনুষ্ঠানিকতা।
ক্ষণে ক্ষণে চমকের এই আয়োজনেও সবার অপেক্ষা ছিল একটি মাহেন্দ্রক্ষণের—কখন মঞ্চে আসবেন এ আর রাহমান। যাঁর জন্য দর্শকদের অধীর অপেক্ষা, সেই অস্কার বিজয়ী সুরকার, সংগীত পরিচালক শিল্পী এ আর রাহমান মঞ্চে এলেন এক অভিনব চমক জাগিয়ে। এতক্ষণ মঞ্চটিকে মনে হচ্ছিল অর্ধবৃত্তাকারে মোগল স্থাপত্যের খিলান আকৃতির নকশা দিয়ে সাজানো। দুই পাশ দিয়ে সিঁড়ি তৈরি করে আঙ্গিক দেওয়া হয়েছিল দোতলা বাড়ির। আচমকা সেই আকৃতি গেল বদলে। মঞ্চের মাঝ বরাবর যেন ভূগর্ভ থেকে উঠে এলেন এ আর রাহমান। আর যে খিলান আকৃতির নকশা ছিল চারপাশে, যাকে মনে হচ্ছিল বোর্ডে আঁকা দৃশ্য, দেখা গেল তার পুরোটাই ডিজিটাল পর্দা। সেখানে ফুটে উঠেছে ক্রিকেট খেলার নানা মুহূর্ত। পুরো ব্যাপারটাই চোখধাঁধানো। ‘ফানা’ গানটি দিয়ে পরিবেশন শুরু করেন তিনি।
গানের শেষে তিনি দর্শকদের সালাম ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘এখানে আসার ইচ্ছা থাকলেও নানা কারণে আগে আসা হয়নি। এই আয়োজন উপলক্ষে আসতে পেরে খুবই আনন্দিত।’ এরপর তিনি অংশগ্রহণকারী ১৬টি দেশের শুভকামনা জানিয়ে ‘চলে চলো’ গানটি গেয়ে শোনান। তাঁর সঙ্গে ছিলেন আনন্দন শিবামনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিসিবি সেলিব্রেশন কনসার্টের উদ্বোধনী আয়োজনে বক্তব্য দেন । ছবি: প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিসিবি সেলিব্রেশন কনসার্টের উদ্বোধনী আয়োজনে বক্তব্য দেন । ছবি: প্রথম আলো

প্রতিটি গানের সঙ্গে সঙ্গে মঞ্চের পেছনের দৃশ্য বদলে যাচ্ছিল। গানের সঙ্গে সাযুজ্যময় দৃশ্যপরম্পরা ভেসে উঠছিল তাতে। কখনো আবার যে সিনেমার গান, সেই সিনেমার দৃশ্যও ফুটে উঠছিল। গনের সঙ্গে নৃত্য পরিবেশন করছিলেন সহশিল্পীরা। কখনো কখনো গনের সঙ্গে মঞ্চের সামনে থেকে ফোয়ারার মতো উদ্গত হচ্ছিল আলোর ঝরনাধারা। সব মিলিয়ে জমকালো পরিবেশনা।
স্টেডিয়ামে প্রবেশের সময়ই দর্শকদের হাতে যে এলইডি বাতির টিউব ধরিয়ে দেওয়া হয়েছিল, গানের সুরের সঙ্গে তাল মিলিয়ে সেগুলো দোলাচ্ছিলেন তাঁরা। ফলে কেবল মঞ্চই নয়, পুরো গ্যালারিও হয়ে উঠেছিল আলোকময়।
এরপর জাভেদ, শ্বেতা পণ্ডিত, পরাগ ও প্রণব পরিবেশন করেন ‘তুম তাক’ গানটি। এরপর উদিত নারায়ণ পরিবেশন করেন ‘মিতওয়া রে’ গানটি। এ আর রাহমান ও শ্বেতা পণ্ডিত পরিবেশন করেন ‘তেরে পেয়ার বিনা’।
পরে ছিল একটি অন্যরকম পরিবেশনা। দৃশ্য গেল বদলে। কোমল আলোয় ভরে উঠল মঞ্চ। পিয়ানোর টুংটাং সুরের মূর্ছনায় এক ইন্দ্রজালের আবেশ সৃষ্টি করেন এ আর রাহমান। তাঁর সঙ্গে ‘সাস মে তেরি’ গানটি শোনান শ্বেতা। নীতি মোহন শোনান ‘জিয়া রে’। উদিত নারায়ণ পরিবেশন করেন ‘কেয়া করোগা কেয়া করোগা, ক্যায়সে মুসকিল হ্যায়’।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল বিসিবি সেলিব্রেশন কনসার্টে গান করেন এ আর রাহমান (গানটির শিরোনাম ‘চলে চলো’)। তাঁর ডানে আনন্দন শিবামণি ও অন্য শিল্পীরা । ছবি: জিয়া ইসলাম
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল বিসিবি সেলিব্রেশন কনসার্টে গান করেন এ আর রাহমান (গানটির শিরোনাম ‘চলে চলো’)। তাঁর ডানে আনন্দন শিবামণি ও অন্য শিল্পীরা । ছবি: জিয়া ইসলাম

এরপর ছিল সুফী গানের একটি পর্ব। এতে এ আর রাহমানের সঙ্গে অংশ নেন দিলশাদ, আসলাম, পরাগ ও প্রণব। গানগুলোর মধ্যে ছিল ‘হাস্তি রাব্বি জালল্লাহ’, ‘কুন ফায়াকুন’,‘ইয়া খাজা জী, ইয়া মঈনুদ্দীন’।
এরপর সিংহাসনে চেপে মিশরীয় রাণীর মতো সজ্জায় মঞ্চে আসেন নীতি মোহন। তিনি গেয়ে শোনান ‘মাইয়া মাইয়া’ গানটি। এরপর আবার মঞ্চে আসেন এ আর রাহমান। তিনি পরিবেশন করেন ‘মাহি ভে’। উদিত নারায়ণ ও শ্বেতা পণ্ডিত পরিবেশন করেন ‘রাধা কৃষ্ণা জলে’। সবাইকে নিয়ে ‘হাম্মা হাম্মা’ গেয়ে শোনান এ আর রাহমান। ‘জয় হো’ দিয়ে শেষ হয়েছিল তাঁর পরিবেশনা। এই গানটির সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী সবকটি দেশের পতকা নিয়ে একটি বিশেষ পরিবেশনা।
এরপর মঞ্চে আসেন আর অ্যান্ড বি এবং হিপহপ গানের মার্কিন শিল্পী অ্যাকন।
বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা দিয়ে শেষ হয়েছিল এই জমকালো গানের আসর। প্রতিটি গানের সঙ্গেই ছিল নৃত্য। সাবিনা ইয়াসমিন গেয়ে শোনান ‘মঝি নাও ছাইড়া দে’। কুমার বিশ্বজিৎ পরিবেশন করেন ‘একতারা বাজাইও না’। ‘আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে’ পরিবেশন করেন মমতাজ। এরপর মঞ্চে আসেন রুনা লায়লা। তিনি ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’ গেয়ে স্টেডিয়ামের দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন। কনা, এলিটা, জোহান, শান্ত, পূজা, পান্থ কানাই, তাপসের গাওয়া আইসিসি’র ‘ইভেন্ট সং’ ‘চার ছক্কা গেলো কই’ দিয়ে গানের পালা শেষ হলো। তবে শেষ হয়েও শেষ হলো না। দর্শকদের আরও খানিকটা সময় অপেক্ষা করতে হলো আকাশ আলো করা আতশবাজী দেখার জন্য। দৃষ্টিতে সেই আলোর রোশনাই আর শ্রবণে গানের সুর নিয়ে ঘরে ফেরার পথ ধরে ছিলেন তাঁরা।