সুরেশ রায়নাকে জরিমানা
আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় কয়েক দিন আগেই রবি রামপলকে জরিমানা করেছিল আইসিসি। এবার দ্বিতীয় টেস্টে সেই একই কারণে জরিমানার ফাঁড়ায় পড়লেন সুরেশ রায়না। ভারতীয় এই বাঁহাতি ব্যাটসম্যানের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।গতকাল ব্রিজটাউন টেস্টের প্রথম দিনে লেগস্পিনার দেবেন্দ্র বিশুর বলে শর্ট লেগে দাঁড়ানো আদ্রিয়ান বারাথের হাতে ধরা পড়েন রায়না। আম্পায়ার আঙুল তুলে দিলেও সিদ্ধান্তটা মানতে পারছিলেন না রায়না। আর সেই ক্ষোভটা বেশ উদ্ধত ভঙ্গিতেই প্রকাশ করে ফেলেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ম্যাচ রেফারি ক্রিস ব্রড আজ আইসিসির এক বিবৃতিতে বলেছেন, ‘সুরেশ যেটা করেছে, সেটা পরিষ্কারভাবেই আচরণবিধির লঙ্ঘন। তিনি নিজেও সেটা স্বীকার করেছেন। কোনো ব্যাটসম্যান কখনো কখনো আউট হওয়ার পর হতাশা প্রকাশ করতেই পারে। কিন্তু কখনোই সীমা লঙ্ঘন করা উচিত না। গতকাল তাঁর আচরণটা কোনোমতেই গ্রহণযোগ্য না।’রায়না নিজেও তাঁর ভুলটা বুঝতে পেরেছেন বলে জানিয়েছে আইসিসি। রয়টার্স।