সুশৃঙ্খল কিউইদের প্রশংসা সাঙ্গাকারার
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ভারত। দ্বিতীয় ম্যাচে তাদের মুখোমুখি হওয়ার আগে সুশৃঙ্খল কিউইদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা।প্রতিপক্ষের প্রশংসা করে সাঙ্গাকারা ক্রিকইনফোকে বলেন, নিউজিল্যান্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, তারা খুব প্রতিযোগিতামূলক খেলা খেলে। তাদের খেলা ছকে বাঁধা, যেভাবে পরিকল্পনা করা হয় সেভাবেই মাঠে খেলার চেষ্টা করেন ক্রিকেটাররা। এরপর সাঙ্গাকারা যোগ করেন, ‘কিউইদের এ শৃঙ্খলা যে সব সময় কৌশলগত তা নয়, এটা অনেকটাই মানসিক। এ শৃঙ্খলাই তাদের কাছে শেখার আছে আমাদের।’ ত্রিদেশীয় সিরিজে ফেবারিট ভাবা হচ্ছিল স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতকে। তবে প্রথম ম্যাচে ভারতকে কিউইরা যেভাবে ধরাশায়ী করেছে, তাতে পাল্টে গেছে সব সমীকরণ। কিউই বোলারদের তোপের মুখে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় ভারতীয় দলের ইনিংস; ২৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতের হার ২০০ রানে! আজ কিউইদের সেই ভয়ংকর রূপটা দেখতে হতে পারে শ্রীলঙ্কাকেও। সাঙ্গাকারা বলেন, যেকোনো জায়গায় কিউইরা ভয়ংকর। তাদের কৌশল, গেম প্লানের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জের।