সুসময়ের আশায় বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হচ্ছে ফুটবল-পিপাসুদের প্রতীক্ষার প্রহর। দুই মাসের দীর্ঘ বিরতি শেষে আজ থেকে আবার শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। গ্রুপ পর্ব শেষ হয়েছে আগেই, এবার শুরু নকআউট পর্ব। আর প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে আজ বার্সাকে আতিথেয়তা দিচ্ছে জার্মানির বায়ার লেভারকুসেন। দিনের অন্য ম্যাচে ফ্রান্সের অলিম্পিক লিঁও ঘরের মাঠে খেলবে এবারের বিস্ময় সাইপ্রাসের অ্যাপোয়েল নিকোসিয়ার বিপক্ষে। পেপ গার্দিওলার দল লা লিগায় খাবি খাচ্ছে। তাল মেলাতে পারছে না রিয়াল মাদ্রিদের সঙ্গে। মাত্রই ওসাসুনার কাছে ২-৩ গোলে হেরে রিয়ালের চেয়ে পিছিয়ে পড়েছে ১০ পয়েন্ট। এই মৌসুমে প্রতিপক্ষের মাঠে কাতালান ক্লাবটির রেকর্ড ভয়াবহ রকমের খারাপ। তার পরও আজ নিজেদের মাঠে কঠিন এক পরীক্ষা দিতে হবে লেভারকুসেনকে। মনে রাখতে হবে, চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচের দিকে তাকিয়েই গার্দিওলা ওসাসুনার বিপক্ষে একাদশ সাজিয়েছিলেন জাভি, ইনিয়েস্তা ও ফ্যাব্রিগাসকে ছাড়াই। লিগ তো প্রায় হাতছাড়া হওয়ার উপক্রম। রিয়াল মাদ্রিদের পা হড়কানোর প্রতীক্ষায় থাকা ছাড়া উপায় নেই। চ্যাম্পিয়নস লিগেই এখন মনোযোগ বার্সার। গার্দিওয়ালার কথাতেই পরিষ্কার, চ্যাম্পিয়নস লিগকে কতটা প্রাধান্য দিচ্ছে বার্সা। ওসাসুনার কাছে হারের পর এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘শিরোপা জয়? আমরা চেষ্টা করব চ্যাম্পিয়নস লিগের মুকুটটা ধরে রাখতে এবং তারপর লা লিগার প্রতিটি ম্যাচ নিয়ে ভাবার চেষ্টা করব।’চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ঘরের মাঠের তিনটি ম্যাচেই জিতেছে লেভারকুসেন। তবে এবার প্রতিপক্ষের মাঠে তিন ম্যাচে ১২ গোল করা বার্সেলোনাই ছেদ টানতে পারে বাঙালি কোচ রবিন দত্তের দলের জয়ের ধারায়। বুন্দেসলিগায়ও খুব একটা ভালো অবস্থানে নেই লেভারকুসেন। পয়েন্ট তালিকার ছয়ে রয়েছে তারা। তার ওপর আবার চোট কেড়ে নিয়েছে অভিজ্ঞ মাইকেল বালাককে। ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় দল দুটি এর আগে খেলেছে ছয়বার। বার্সা জিতেছে তিনটি ও লেভারকুসেন দুটি ম্যাচ। স্পেন, ইউরোপ ও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জার্মান ক্লাবটির সর্বশেষ জয়ের পরে কেটে গেছে ১০ বছর। দিনের অন্য ম্যাচে অ্যাপোয়েলের মুখোমুখি হওয়ার আগে ফরাসি ক্লাব লিঁওর অবস্থাও ঠিক বার্সার মতো। লিগে তরুণ খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে গিয়ে দলটি মাত্রই হেরেছে নিচু সারির দল কায়েনের কাছে। অন্যদিকে সাইপ্রাসের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ওঠা অ্যাপোয়েলর সামনে আরও বড় অর্জনের হাতছানি। এএফপি, রয়টার্স।