ওঝা তাঁর মন্ত্র খুঁজে পেয়েছেন। অপয়া ভূতটাকে আপাতত তাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এবার শুরু সুসময়!হোঁচট খেয়ে খেয়ে এবারের মৌসুমটা শুরু করেছে হোসে মরিনহোর দল। লিগে চার ম্যাচের দুটিতে হার, একটিতে ড্র। গত ১০ বছরে স্প্যানিশ দলটির সবচেয়ে বাজে শুরু। লিগের ভাইরাসটা চ্যাম্পিয়নস লিগেও ছড়াতে পারত। নিজেদের মাঠে তাদের বিপক্ষে দুবার এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু শেষ ৫ মিনিটেই ম্যাচটি দেখে নাটক। এর মধ্যে আরও ২ গোল করে জিতে যায় রিয়াল।মরিনহো বলেছেন, রিয়ালের ঘুরে দাঁড়ানোর শুরু ওখান থেকেই। ওই ম্যাচে শিষ্যদের ‘পশুর মতো লড়াই’ দেখে মুগ্ধ ‘স্পেশাল ওয়ান’। দলের কাছ থেকে এটাই চেয়ে এসেছেন। এর জন্যই এত বকাবকি। মিডিয়ায় এত গুঞ্জন। স্প্যানিশ সুপার কাপ জিতেই দল তৃপ্তির ঢেঁকুর তুলতে শুরু করেছিল বলে মনে করেন তিনি। আত্মতৃপ্তিতে ভুগতে থাকা দলটার ভালো শিক্ষা হয়েছে। বাকি মৌসুমে রিয়াল আর সেই ভুল করবে না বলেই আশা তাঁর, ‘বার্সেলোনার বিপক্ষে নিজেদের মাঠে আমরা দুর্দান্ত খেলেছি। ওদের একেবারে অসহায়ভাবে হারিয়েছি। এ ধরনের ম্যাচ আপনি হারতে পারেন না। সেভিয়া-গেটাফের বিপক্ষে ম্যাচ দুটিও না। আমাকে সবচেয়ে বেশি উদ্বেগে ভোগাচ্ছে, রিয়ালের মতো দল বলতে পারে না, আমরা কাপ জিতেছি, আমাদের আর কিছু জেতার দরকার নেই।’রিয়ালের লক্ষ্যের ক্যানভাস যে অনেক বড়, সেটাও মনে করিয়ে দিয়েছেন, ‘রিয়াল মাদ্রিদ ঐতিহাসিক দশম (চ্যাম্পিয়নস লিগ) শিরোপাটি জিততে চায়। আমরা এর জন্য লড়াই করব। সম্ভাব্য সব শিরোপার জন্যই আমাদের লড়তে হবে। আমরা সবগুলো শিরোপাই জিততে পারি, আবার শুধু সুপার কোপাই হতে পারে একমাত্র সম্বল। সে যা-ই হোক, আপনাকে প্রতিটি ম্যাচে সবটুকু দিয়েই লড়াই করতে হবে। আপনি যখন সামর্থ্যের সবটুকু মাঠে উজাড় করে দেন, ফুটবলটা তখনই দুর্দান্ত হয়ে ওঠে।’রিয়ালের শুরুটা কত বাজে হয়েছে সেটা এখান থেকেই বোঝা যাবে। আজ তাদের প্রতিপক্ষ রায়ো ভায়োকানো। রিয়ালের বিপক্ষে মুখোমুখি গত আটটি ম্যাচই তারা হেরেছে। তাদের সর্বশেষ জয়টি ১৫ বছর আগের। সেই ভায়োকানো পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে ছয় ধাপ ওপরে। রিয়াল পড়ে আছে ১২-তে! মাঠে-মাঠের বাইরে রিয়ালকে মনে হচ্ছিল অস্থির। আলভেরো আরবেলোয়ার বিশ্বাস, ওসব এখন অতীত, ‘আমরা জানতাম, আমরা ভালো খেলছিলাম না। এটা বলার জন্য কোচের দরকার ছিল না। ড্রেসিংরুমে এখন দুর্দান্ত পরিবেশ। কোচের সঙ্গে আমরা একটা চুক্তিতেও পৌঁছেছি। সিটির বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’রিয়ালের মতোই এই মৌসুমে বাজে শুরু করেছে এসি মিলান। ইতালিয়ান সিরি ‘আ’তে তিন ম্যাচের দুটিই হেরেছে। তা-ও নিজেদের মাঠে। চ্যাম্পিয়নস লিগের শুরুটাও ভালো হয়নি। পুঁচকে আন্ডারলেখট তাদের গোলশূন্য ড্রতে আটকে দিয়েছে ওই সান সিরোতেই। এই ড্র করতে পারাটাও ভাগ্য বলে মন্তব্য করেছিলেন খোদ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। এই অবস্থাতেই অ্যালেগ্রির সঙ্গে মিলানের সাবেক তারকা, বর্তমান যুবদলের কোচ ফিলিপ্পো ইনজাগির দ্বন্দ্বের খবরও পাওয়া গেছে। এসব খবর মাথায় নিয়েই আজ লিগে উদিনেসের মুখোমুখি হবে মিলান। ওয়েবসাইট।