সুস্থ আছেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পায়ে চোট পেয়ে কাতরাচ্ছেন নেইমার ছবি: রয়টার্স
পায়ে চোট পেয়ে কাতরাচ্ছেন নেইমার ছবি: রয়টার্স

ক্লাব ও দেশের হয়ে টানা নয় ম্যাচে গোলের মুখ দেখেননি। নেইমার সেই গোলখরা কাটিয়েছেন গত রাতে। জাপানের বিপক্ষে কনফেডারেশনস কাপের উদ্বোধনী ম্যাচে মাত্র তিন মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

মাঠের পারফরম্যান্সে নেইমার ছিলেন দুর্দান্ত। তবে পুরো সময় খেলতে পারেননি। চোট পাওয়ায় দ্বিতীয়ার্ধের শেষের দিকে তাঁকে মাঠের বাইরে পাঠিয়ে দেন কোচ লুইস ফেলিপে স্কলারি।

তাহলে কি মেক্সিকোর বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের! স্বাভাবিকভাবেই জেগেছিল সংশয়টা। তবে বর্তমান সময়ের অন্যতম এই প্রতিভাবান ফুটবলার নিজেই জানিয়েছেন, তিনি ভালো আছেন। অপেক্ষায় আছেন মেক্সিকোর বিপক্ষে মাঠের নামার।

‘মেক্সিকোর বিপক্ষে ম্যাচের জন্য আমি শতভাগ প্রস্তুত। আমি সব সময় আমার পরিবারের কথা ভাবি এবং খেলতে উজ্জীবিত হই। জানি না, এটি (তিন মিনিটে করা গোল) আমার পরিবার, বাবা, মা, বোন, ছেলে, বান্ধবীর কাছে পৌঁছেছে কি না। এটি ছিল দারুণ এক অনুভূতি।’ ম্যাচ শেষে বলেছেন নেইমার।

নয় ম্যাচ পর গোলের দেখা মিলল। স্বাভাবিকভাবেই আনন্দিত নেইমার। গোল ডটকমের খবরে বলা হয়, গোলখরা কাটানোর আনন্দটা ম্যাচ শেষে লুকিয়েও রাখেননি ২১ বছর বয়সী এই খেলোয়াড়, ‘গোল করতে পেরে আনন্দিত। আমি সব সময় বলেছি, আমি আমার মতো করেই খেলতে চাই। চাই, গোটা দল এক হয়ে খেলুক।’

কনফেডারেশনস কাপের তিনবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। চ্যাম্পিয়ন সর্বশেষ দুই আসরেই। ব্রাজিলীয়দের সামনে তাই হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। বেশ কিছুদিন ধরেই সাবেক খেলোয়াড়েরা বলে আসছিলেন, বর্তমান দল নিয়ে শিরোপা ধরে রাখাটা ব্রাজিলের জন্য কঠিন হবে। তবে উদ্বোধনী ম্যাচেই এশিয়ান চ্যাম্পিয়ন জাপানকে উড়িয়ে দিয়ে সমালোচকদের ‘ভুল’ প্রমাণিত করেছেন নেইমাররা। এবার অপেক্ষা পরবর্তী ম্যাচগুলোর। গ্রুপ পর্বে জাপানের পাশাপাশি ব্রাজিলের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো ও ইতালি। বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই সেমিফাইনালে উঠে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।