সুস্থ হয়ে উঠছেন মেসি

অনেক দিন থেকেই তাঁর পায়ের জাদু দেখা থেকে বঞ্চিত হচ্ছে ভক্তকুল। ইনজুরি ছিটকে দিয়েছে মাঠের বাইরে। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগ তো বটেই, বার্সেলোনার হয়ে লিগের শেষ কয়েকটি ম্যাচেও খেলতে পারেননি। আর্জেন্টিনা-সমর্থকদের দুশ্চিন্তা ছিল, লিওনেল মেসিকে পাওয়া যাবে তো জাতীয় দলে? আপাতত তাদের জন্য সুসংবাদ, দ্রুতই সুস্থ হয়ে উঠছেন মেসি। চোটকে পরাস্ত করে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামছেন তিনি।
মেসির ‘সুস্থ হয়ে ওঠার’ সুখবরটি দিয়েছেন খোদ বার্সেলোনার ফিজিও হুয়ান হোসে ব্রাউ। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইয়ে ৭ ও ১১ জুন অনুষ্ঠেয় কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দুটিতে খেলতে বাধা নেই মেসির।
আর্জেন্টিনার সরকারি সংবাদ সংস্থাকে ব্রাউ জানিয়েছেন, ‘মেসি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছে।’
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে মেসি এই মুহূর্তে আর্জেন্টিনায় চলেও গেছেন। বাছাইপর্বে খেলার জন্য বার্সার ছাড়পত্র পাওয়ার পরই গত শুক্রবার দেশের উদ্দেশে রওনা দেন আর্জেন্টিনার অধিনায়ক।
বাছাইপর্বের লাতিন আমেরিকা অঞ্চলে মেসির দল অবশ্য শক্ত অবস্থানেই আছে। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডর থেকে চার পয়েন্টে এগিয়ে। ইকুয়েডর অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। স্বাগতিক হওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বলে বাছাইপর্ব খেলতে হচ্ছে না ব্রাজিলকে। মার্কা।