সুস্থ হয়ে ফিরলেন সিদ্দিকুর
পিঠের ব্যথা নিয়েই কয়েক বছর ধরে খেলছেন সিদ্দিকুর রহমান। অবধারিতভাবেই চোটের প্রভাবটা পড়েছে তাঁর গলফ কোর্সের পারফরম্যান্সেও। চোটের কোনো উন্নতি না হওয়ায় গত ৭ আগস্ট সিদ্দিকুর যুক্তরাষ্ট্র গিয়েছিলেন চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে সুস্থ হয়েই কাল তিনি দেশে ফিরেছেন।
নিজের শারীরিক অবস্থা নিয়ে সিদ্দিকুর এখন সন্তুষ্ট, ‘আমার চিকিৎসক ড্যান হলম্যান নিজেও গলফার। তাঁর অধীনে চিকিৎসা করিয়ে এখন পুরো সুস্থ। অস্ত্রোপচার করা লাগেনি। তবে ফিজিওথেরাপি করিয়েছেন। আসার আগে ফ্লোরিডার এক গলফ কোর্সে নিয়ে যান খেলার জন্য। আমার পিঠের ব্যথার উন্নতিটা বুঝতে পেরেই অনুমতি দিয়েছেন দেশে ফেরার। আশা করি, এশিয়ান ট্যুরের পরের সব টুর্নামেন্টে খেলতে পারব।’
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু বিপিজিএ টুর্নামেন্টটা অবশ্য খেলবেন না সিদ্দিকুর। তবে ২৪-২৭ সেপ্টেম্বর জাপানে অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ওপেন ডায়মন্ড কাপে অংশ নেবেন। এরপর চীনা তাইপেতে খেলবেন টানা দুটি টুর্নামেন্টে। পরিকল্পনা আছে ম্যাকাও, হংকং, চীন ও ভারতে খেলারও। চীনা তাইপের ভিসার জন্য জাপানে গিয়ে আবেদন করতে হবে। এ জন্য একটু আগেভাগেই দেশ ছাড়তে চান।
এ বছর ৮টি টুর্নামেন্টে অংশ নিয়ে ৫টিতেই কাট পাননি। বছরের সেরা সাফল্য গত জুনে থাইল্যান্ডের কুইন্স কাপে তৃতীয় হওয়া। বছরের বাকি সময়ে অন্তত একটি শিরোপা জিততে ব্যাকুল ক্যারিয়ারে দুটি পেশাদার ট্রফিজয়ী বাংলাদেশের গলফার, ‘আমাকে উইনার ক্যাটাগরির মধ্যে থাকতে হলে এ বছর অন্তত একটা টুর্নামেন্টে জিততেই হবে। তা না হলে আগামী দুই বছর এশিয়ান ট্যুরে সরাসরি খেলতে পারব না। এ জন্য অবশ্যই সবকিছুর আগে ফিট থাকতে হবে।’