সুড়ঙ্গের শেষে আলো দেখছেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে দেখতে এক মাসেরও বেশি হয়ে গেল। লিওনেল মেসি মাঠে নেই, তাঁর অভাবে লা লিগাও যেন খানিকটা রং হারিয়েছে। তবে খুব দ্রুত সেরে উঠছেন মেসি। হয়তো নতুন বছরের গোড়ার দিকেই আবার মাঠে দেখা যাবে বার্সা স্ট্রাইকারকে।
চোটটা ছিল বাঁ পায়ে। যে পেশিতে চোট লেগেছিল সেটাতে কয়েক সপ্তাহ ধরেই আর ব্যথা নেই। কিন্তু এখনো বলে লাথি মারার মতো অবস্থায় তিনি পৌঁছাতে পারেননি। কবে নাগাদ পৌঁছাতে পারবেন সেখানে, নির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না।
চিকিৎসকেরা অবশ্য ছয় থেকে আট সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন মেসিকে। এখন চলছে ষষ্ঠ সপ্তাহ। পরশু একটা পরীক্ষায় দেখা গেছে অগ্রগতি বেশ ইতিবাচক। মেসি অবশ্য দুই সপ্তাহের মধ্যেই ফিরতে চান বলেই জানিয়েছেন। এই মুহূর্তে বুয়েনস এইরেসেই পুনর্বাসন চলছে তাঁর। আগামী বৃহস্পতিবারই সেখানে উড়ে যাওয়ার কথা বার্সেলোনা চিকিৎসক রিকার্ডো প্রুনা ও স্পোর্টিং ডিরেক্টর আন্দোনি জুবিজারেতার। বড়দিনের ছুটি কাটাতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন কোচ জেরার্ডো মার্টিনোও।
মেসির সেরে ওঠার অপেক্ষায় ইন্টার মিলানও। কিন্তু ইন্টার মেসির ব্যাপারে এত আগ্রহী কেন? শিগগিরই তো দুই দলের খেলা হওয়ারও সম্ভাবনা নেই। নড়েচড়ে বসতে পারেন—ইন্টার নাকি মেসিকে কিনতে চাইছে! নেরাজ্জুরি অধিনায়ক হাভিয়ের জানেত্তি মুখ ফুটে বলে ফেলেছেন, ‘মেসি ইন্টারের জন্য আদর্শ খেলোয়াড়।’ তবে আশাটা যে দুরাশা সেটাও স্বীকার করেছেন, ‘কিন্তু আমি এটা জানি সে বার্সেলোনাতে সুখেই আছে।’
আর্জেন্টিনায় খেলার সুবাদে মেসিকে অবশ্য খুব কাছ থেকেই দেখেছেন জানেত্তি। ক্লাবের নতুন মালিক ইন্দোনেশিয়ার এরিক তোহিরের কাছে কি তাহলে মেসির কথাটা পেড়েছেন? ওয়েবসাইট।