সুয়াজোর মন্দ কপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড সুয়াজোকে তো চেনেন। চেনেন না! সময় বড় নিষ্ঠুর। ২০০৬ সালে এই সুয়াজোই কাকার সঙ্গে যৌথভাবে ইতালিয়ান লিগের সেরা বিদেশি ফুটবলারের পুরস্কার জিতেছিলেন। সেই কাকা ধাপে ধাপে সিঁড়ি ভেঙে কোথায় চলে গেলেন, সুয়াজো এখন বিস্মৃত। এই সুয়াজোকেই দলে নেওয়ার জন্য শুরু হয়ে গিয়েছিল দুই ‘দৈত্য’ মিলানের টানাটানি। সেই সুয়াজো এখন জেনোয়ার মতো ক্লাবে গিয়ে আশ্রয় খোঁজেন! সময় আসলেই বড় নিষ্ঠুর।নিষ্ঠুর বলেই হন্ডুরাসের ইতিহাসের অন্যতম বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়েও বিশ্বকাপ-স্বপ্ন সম্ভবত অধরাই থেকে যাচ্ছে তাঁর। ৩০ বছর বয়স বড় বাধা নয়, সমস্যা আসলে সেরা সময় এই স্ট্রাইকার ফেলে এসেছেন পেছনে। ২০০৬ বিশ্বকাপে হন্ডুরাস সুযোগ পেলে জার্মানিতে তাঁর ওপর চোখ রাখত সবাই। কারণ বিশ্বকাপ শুরুর আগের মৌসুমে ক্লাবের হয়ে গোল করেছিলেন ২৫টি। কনক্যাকাফের বাছাইপর্বেও দুর্দান্ত ছিল তাঁর ফর্ম। নিজে পাঁচ গোল করলেও টানা ষষ্ঠবারের মতো হন্ডুরাস ব্যর্থ হয় বিশ্বকাপের টিকিট পেতে।এবার যখন সাতবারের চেষ্টায় ২৮ বছর পর বিশ্বকাপে খেলতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশটি, সুয়াজো তখন খুঁজে মরছেন হারানো সুদিন। ২০০৭ সালে ইন্টার মিলানে যোগ দেওয়াটাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। দুই মৌসুম ব্যর্থ হওয়ার পর ইন্টার তাঁকে ধারে পাঠিয়ে দিয়েছিল বেনফিকায়। বেনফিকাতেও সুবিধা করতে না পারায় ঠাঁই হয়েছে জেনোয়ায়।দুর্ভাগ্য সুয়াজোর, আগামী বিশ্বকাপেও হয়তো প্রথম একাদশে ঠাঁই হবে না তাঁর। সৌভাগ্য হন্ডুরাসের, কারণ সুয়াজোর শূন্যতা পূরণের মতো খেলোয়াড় হাতের কাছেই আছে কোচ রেইনালদো রুয়েদার। দুই কার্লোস—কার্লোস কস্টলি আর ‘চিরযুবা’ কার্লোস প্যাভন জুটিই কোচের প্রথম পছন্দ। বাছাইপর্বে প্যাভন ৭ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কস্টলি করেছেন ৫ গোল। তবে সুয়াজোকে বিশ্বকাপের দলে রাখার আভাসই দিয়েছেন কোচ। ইউরোপীয় ফুটবলে হন্ডুরাসের খেলোয়াড়দের জন্য তিনি তো একরকম পথপ্রদর্শক। তাঁকে অনুসরণ করেই মেনর ফিগেরোয়া, এডগার আলভারেজ, হুলিও সিজার, উইলসন প্যালাসিওস, হেনড্রি টমাসরা খেলতে এসেছেন ইউরোপে। ইংল্যান্ড দলের তরুণদের কাছে ডেভিড বেকহাম যেমন, হন্ডুরাসের জন্য তেমনই প্রভাবশালী সুয়াজো।কোচ তাই দক্ষিণ আফ্রিকায় নিয়ে যেতে চান তাঁকে। তবে সুয়াজোর চাওয়া, তাঁকে যেন বেঞ্চে বসিয়ে রাখা না হয়। বড় মাপের খেলোয়াড়দের ফর্মে ফেরাটা হুট করে যেকোনো ম্যাচেই শুরু হয়ে যেতে পারে। কে জানে, সুয়াজোর বুটের সব জাদু বিশ্বকাপের জন্যই জমা রাখা আছে কি না! ওয়েবসাইট।