সুয়ারেজ উড়ছেনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনই সই করেছেন নতুন চুক্তিপত্রে। তাতেই যেন উজ্জীবিত হলেন কাল লুইস সুয়ারেজ। অ্যানফিল্ডে সুয়ারেজের জোড়া গোলে সওয়ার হয়ে লিভারপুল কাল ৩-১ গোলে হারাল কার্ডিফকে। স্টার্লিং করেছেন অন্য গোলটি। সেই সঙ্গে আর্সেনালকে টপকে লিভারপুল উঠে গেল প্রিমিয়ার লিগের শীর্ষেও। কাল চেলসিকে হারাতে পারলে আর্সেনাল অবশ্য আবার ফিরে পাবে শীর্ষস্থান।
কাল জিতেছে দুই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটিও। ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্টহামকে ৩-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ২৬ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ড্যানি ওয়েলবেক। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান আদনান ইয়ানুজাই। ৭২ মিনিটে দারুণ এক গোলে জয় নিশ্চিত করেন অ্যাশলি ইয়াং। ওয়েস্টহামের ৮১ মিনিটের সান্ত্বনাসূচক গোলটি করেছেন কার্লটন কোল। এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার সাতে উঠে এসেছে ইউনাইটেড।
অ্যাওয়ে ম্যাচ জিতে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে গেছে সিটি। কাল ফুলহামকে ম্যানুয়েল পেলেগ্রিনির দল হারিয়েছে ৪-২ গোলে। সিটির গোলগুলো করেছেন ইয়াইয়া তোরে, ভিনসেন্ট কোম্পানি, হেসুস নাভাস ও জেমস মিলনার। ফুলহামের একটি গোল কিরেন রিচার্ডসনের। অন্যটি ভিনসেন্ট কোম্পানির আত্মঘাতী গোল।
লিভারপুলের হয়ে সুয়ারেজের গোল দুটি এসেছে ২৬ ও ৪৫ মিনিটে। ৪২ মিনিটে স্টার্লিংকে দিয়ে সুয়ারেজ করিয়েছেন অন্য গোলটি। ৫৮ মিনিটে কার্ডিফের হয়ে একটা গোল ফিরিয়ে দেন মাচ। এ নিয়ে চলতি ডিসেম্বরেই ১০ গোল হয়ে গেল সুয়ারেজের। প্রিমিয়ার লিগে এক মাসে এর আগে কেউ গোলের দুই অঙ্ক ছুঁতে পারেননি। সুয়ারেজকে তো জেরার্ড এমনি এমনি ‘বিশ্বসেরা’ বলছেন না! সূত্র: স্টার স্পোর্টস ফোর।