সুয়ারেজ খেলছেন না বলে স্বস্তিতে স্টেকেলেনবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্রাইকার হিসেবে এরই মধ্যে বিশ্বকাপে নজর কেড়েছেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ৫ ম্যাচে করেছেন ৩ গোল। স্ট্রাইকার না হলেও গোলরক্ষক হিসেবে যে তিনি ‘করে খেতে’ পারতেন, তাও বেশ ভালো করেই সবাইকে বুঝিয়ে দিয়েছেন তিনি। ঘানার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের শেষ মুহূর্তে গোললাইনে দাঁড়িয়ে রীতিমতো ‘গোলরক্ষকের স্টাইলে’ দুই হাত দিয়ে থাবা দিয়ে ঠেকিয়ে দিয়েছেন ঘানার নিশ্চিত গোল। রেফারির কাছে অবশ্য একমদই পাত্তাই পায়নি সুয়ারেজের সেই বহুমুখী প্রতিভা। লাল কার্ড দেখিয়ে সুয়ারেজকে মাঠছাড়া করেছেন তিনি।ফুটবলের আইনের চোখে সুয়ারেজ যত অপরাধী হোন না কেন, উরুগুয়ের মানুষ কিন্তু সুয়ারেজকে বীরের সম্মানই দিচ্ছে। এমনকি আজকের সেমিফাইনালের প্রতিপক্ষ হল্যান্ডের গোলরক্ষক মার্টিন স্টেকেলেনবার্গ সুয়ারেজকে রসিকতা করেই এই বিশ্বকাপের ‘সেরা গোলরক্ষকের’ মর্যাদা দিয়েছেন। স্টেকেলেনবার্গ বলেছেন, ‘আমি সুয়ারেজের সঙ্গে কথা বলেছি। পিঠ চাপড়িয়ে জানিয়ে দিয়েছি, বিশ্বকাপের লেভ ইয়াসিন পুরস্কারটি তোমারই প্রাপ্য।’গোলরক্ষক হতে সুয়ারেজকে যতই উত্সাহিত করুন না কেন, এর পেছনের রহস্যটা অবশ্য পরক্ষণেই পরিষ্কার করে দিয়েছেন স্টেকেলেনবার্গ। তিনি বলেছেন, ‘সুয়ারেজের মতো স্ট্রাইকার আজ হল্যান্ডের বিপক্ষে খেলবে না, এটাই আমার স্বস্তির মূল কারণ।’ ক্লাব ফুটবলে সুয়ারেজের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতা থেকে স্টেকেলেনবার্গ জানিয়েছেন, ‘সুয়ারেজ মাঠে কোনো গোলরক্ষককেই স্বস্তিতে থাকতে দেন না। তিনি একজন দুর্দান্ত স্ট্রাইকার।’সুয়ারেজ অবশ্য এই ফাঁকে চিন্তা করে নিতে পারেন নিজের ভবিষ্যত্ নিয়ে। ভবিষ্যতে তিনি গোল করবেন নাকি গোল ঠেকাবেন, সে চিন্তা অবশ্য একান্তই তাঁর নিজের! দ্য টেলিগ্রাফ