সুয়ারেজ না জিরু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুয়ারেজ
সুয়ারেজ

একজন ফ্রেঞ্চ, আরেকজন উরুগুইয়ান। একজন খেলেন আর্সেনালের হয়ে, অন্যজনের ঠিকানা লিভারপুল। অলিভিয়ের জিরু ও লুইস সুয়ারেজের মধ্যে মিলও আছে কিছু। গোল করাটাই দুজনের আসল কাজ। তার চেয়েও বড় কথা, এই মৌসুমে দুজনই নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন। আজ এমিরেটসে আর্সেনাল-লিভারপুল ম্যাচের আগে দুজনের দিকেই তাকিয়ে থাকবে দুই দল।
গত মৌসুমে মঁপেলিয়ে থেকে নাম লিখিয়েছেন আর্সেনালে। তবে অভিষেক মৌসুমটা খুব একটা ভালো যায়নি জিরুর, গোল করেছিলেন ১১টি। এবার দলবদলে তাই একজন স্ট্রাইকারের জন্য হাপিত্যেশ করছিল আর্সেনাল। শেষ পর্যন্ত কোনো স্ট্রাইকার আসেনি, কিন্তু জিরু সেই অপূর্ণতা বুঝতেই দিচ্ছেন না। এর মধ্যেই করে ফেলেছেন ৫ গোল। এমন বদলে যাওয়ার কারণ শুনুন জিরুর মুখেই, ‘আমি এখন দারুণ আত্মবিশ্বাসী বোধ করছি। বসের (আর্সেন ওয়েঙ্গারের) জন্য এখন আমি স্বস্তিতে আছি। আমি আরও উন্নতি করতে চাই। আসলে পুরোটাই আত্মবিশ্বাসের ব্যাপার।’ জিরুর সঙ্গে ওজিল ও রামসে যোগ হওয়ায় আর্সেনাল এবার প্রতিপক্ষ রক্ষণের ত্রাস।

জিরু
জিরু

সুয়ারেজের ক্ষেত্রে ব্যাপারটা ছিল অন্য রকম। লিভারপুল স্ট্রাইকারের সামর্থ্য নিয়ে কখনোই সংশয় ছিল না। কিন্তু একের পর এক উল্টোপাল্টা কাণ্ড করে মাঠের বাইরে কাটালেন অনেক সময়। এই মৌসুমে আর্সেনালে যাচ্ছেন, এমন গুঞ্জনও শোনা গেছে। লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স অবশ্য এখনো ওটাকে গুঞ্জনই বলেন।
সুয়ারেজ থেকে গেছেন লিভারপুলেই। আর নিষেধাজ্ঞা থেকে ফিরেই আলোটা কেড়ে নিয়েছেন। চার ম্যাচেই করে ফেলেছেন ৬ গোল। তাঁর সঙ্গী ড্যানিয়েল স্টারিজও আছেন দুর্দান্ত ফর্মে। ৮ গোল নিয়ে স্টারিজই সবার ওপরে। সবচেয়ে বড় কথা, জুটি বেঁধে দুজন যেন আরও ভয়ংকর।
২২ পয়েন্ট নিয়ে লিগে আর্সেনালই সবার ওপরে। লিভারপুল ২ পয়েন্ট পিছিয়ে তিনে। আজ আর্সেনাল ব্যবধান বাড়াবে, না ঘোচাবে লিভারপুল? রয়টার্স।