সুয়ারেজ নির্দোষ!

উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিসাকে প্রথম দেখায় মনে হতে পারে সদ্য অবসর নেওয়া একজন অধ্যাপক। বোঝাই যায় না, তরুণ বয়সে এই মানুষটাই ছিলেন ভয়ংকর গেরিলা যোদ্ধা! পৃথিবীর সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট তাঁর মাসিক বেতন ১২ হাজার ডলারের ৯০ ভাগই দান করে দেন গরিব অসহায়দের। ‘উরুগুয়ে’ মানেই আপাতত যেখানে সুয়ারেজ, সেখানে তাঁর দেশের প্রেসিডেন্টকে নিয়ে এত শব্দের অবতারণার একটাই কারণ। সুয়ারেজের কামড়কাণ্ডের পর খোদ প্রেসিডেন্টই যে ঢাল হয়ে দাঁড়িয়ে গেছেন সুয়ারেজের পক্ষে!

ব্যক্তি সুয়ারেজকে নিয়ে মোটেও মাথাব্যথা নেই প্রেসিডেন্ট মুজিসার, ‘আমরা তাঁকে একজন দার্শনিক বা একজন মেকানিক হিসেবে নির্বাচন করিনি। তাঁকে খুব ভালো আচার-আচরণ করতে হবে তা-ও নয়। সে দুর্দান্ত একজন খেলোয়াড়।’ মুজিসা প্রশ্ন তুলেছেন সুয়ারেজের বিরুদ্ধে ওঠা অভিযোগের পদ্ধতি নিয়েই, ‘আমি শিখেছিলাম ফুটবলে রেফারির সিদ্ধান্তকে শ্রদ্ধা করতে হয়। যদি আমরা টিভিতে ফুটেজ দেখেই সিদ্ধান্ত নিই, তাহলে না দেওয়া অসংখ্য পেনাল্টি এবং হ্যান্ডবলও নতুন করে দিতে হবে।’
খোদ প্রেসিডেন্টই পাশে থাকছেন, সুয়ারেজের হয়ে আইনজীবী তো কথা বলবেনই। আলেজান্দ্রো বালবি নামের এই ভদ্রলোকের আরেকটি পরিচয় আছে। তিনি উরুগুয়ে ফুটবল ফেডারেশনেরও সদস্য। ফেডারেশন কর্মকর্তারা যে সুয়ারেজের পাশে আছেন, তা পরিষ্কার বালবির কথায়, ‘ফিফা হয়তো তাঁকে নিষিদ্ধ করবে, কারণ এ রকম নজির আরও আছে। কিন্তু আমরা নিশ্চিত, এটি নৈমিত্তিক ঘটনা। কিয়েলিনি যদি তার কাঁধের আঁচড় দেখাতে পারে, সুয়ারেজও তার থেঁতলানো চোখ দেখাতে পারে।’ সুয়ারেজের ঘটনা নিয়ে এত শোরগোলের নেপথ্যে কলকাঠি নাড়ছেন কারা, তা-ও যেন বুঝতে পারছেন তিনি, ‘আমাদের কোনো সন্দেহ নেই, ঘটনা ঘটেছে কারণ সে সুয়ারেজ। দ্বিতীয়ত ইতালি বাদ পড়েছে। ইংল্যান্ড ও ইতালি থেকে ফিফার ওপর প্রচুর চাপ আছে।’
ফিফাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বালবি বলেছেন, ‘প্রত্যেক খেলোয়াড়ই যদি এভাবে তাদের ক্ষত দেখাতে শুরু করে এবং ফিফা যদি প্রতিটিই তদন্ত করার সিদ্ধান্ত নেয়, তাহলে ভবিষ্যতে ব্যাপারগুলো আরও জটিল হয়ে উঠবে। আমরা সর্বোচ্চ চেষ্টাটাই করব, যাতে সুয়ারেজ সবচেয়ে ভালোভাবে বের হয়ে আসতে পারে।’ এএফপি, রয়টার্স