মানুষখেকো হাঙরের সঙ্গে মানুষের তুলনা চলে না! কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সাময়িকী নিউ স্টেটসম্যান-এর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিবেদক ইয়ান স্টিডম্যান দেখিয়েছেন, প্রতিপক্ষ হিসেবে হাঙরের কামড়ের চেয়ে লুইস সুয়ারেজের কামড়ের শিকার হওয়ার সম্ভাবনাই বেশি! ইতালি ডিফেন্ডার জর্জো কিয়েলিনিসহ এ পর্যন্ত তিনজনকে কামড়ে দিয়েছেন সুয়ারেজ। পেশাদার ক্যারিয়ারে সুয়ারেজ ক্লাব-আন্তর্জাতিক মিলিয়ে খেলেছেন মোট ৪৪১ ম্যাচ। শুরুর একাদশের ১১ ও তিন বদলি ধরে মোট ৬১৬০ জন খেলোয়াড় কামড়ের ঝুঁকি নিয়ে সুয়ারেজের মুখোমুখি হয়েছেন। মানে প্রায় প্রতি ২০০০ জনে একজন তাঁর কামড়ের শিকার। অথচ সাগরে সাঁতরাতে নামা মানুষের হাঙরের শিকার প্রতি ৩৭ লাখে একজন! এমনকি বজ্রবিদ্যুৎ, বিমান দুর্ঘটনার চেয়েও সুয়ারেজ এগিয়ে। একজন অবশ্য সুয়ারেজের চেয়েও ৪০ গুণ এগিয়ে। মাইক টাইসন। প্রতিদ্বন্দ্বীদের প্রতি ৫০ জনের অন্তত একজনকে কামড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক বক্সার! ফক্সস্পোর্টস।