সুয়ারেজকে নিয়েই উরুগুয়ে
হাঁটুর চোটে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়েছিল লুইস সুয়ারেজের। তবে লিভারপুল স্ট্রাইকারকে রেখেই ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ। সংশয় দূর করে দলে আছেন ২০১০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডিয়েগো ফোরলানও।
তবে দলে রাখলেও উরুগুইয়ান স্ট্রাইকারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে, তা অস্বীকার করেননি কোচ তাবারেজ। এ িনয়ে আশাবাদীই উরুগুয়ের কোচ, ‘আমার বড় দুশ্চিন্তা হচ্ছে সুয়ারেজের ফিটনেস নিয়ে। আশা করছি, সে পুরো ফিট হয়েই বিশ্বকাপে মাঠে নামতে পারবে।’
ইংল্যান্ড, ইতালি আর কোস্টারিকাকে নিয়ে গড়া উরুগুয়ের গ্রুপটাকে এবারের বিশ্বকাপের মৃত্যুকূপ বলছেন অনেকে। সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়নের গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার কাজটা যে খুবই কঠিন, তাবারেজ সেটাও জানেন। তবে নিজের দলের ওপর আস্থার কমতি নেই তাঁর, ‘আমরা জানি আমরা বিশ্বকাপের ফেবারিট নই। কিন্তু যদি প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারি আমাদের বিপক্ষে খেলা যেকোনো দলের জন্যই কঠিন হবে।’
উরুগুয়ে ছাড়াও ২৩ সদস্যের চূড়ান্ত দল জানিয়ে দিয়েছে ক্রোয়েশিয়া। প্রত্যাশিতভাবেই ক্রোয়েশিয়া দলে আছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মডরিচ ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড মারিও মানজুকিচ। দলে চমকের নাম ইভান মোচিনিচ৷ দেশের হয়ে অভিষেকের প্রহর গুনছেন ক্রোয়েশিয়ান ক্লাব রিয়েকার এই ২১ বছর বয়সী মিডফিল্ডার৷ এএফপি৷