সুয়ারেজকে ব্যঙ্গ ফ্রেড-নেইমারদের

আপন মনে অনুশীলনে ব্যস্ত দানি আলভেজ, মার্সেলোরা। ওমা, একি! তাঁদের কিনা কামড়াতে আসছেন সতীর্থ ফ্রেড। নেইমারও দাঁত খিঁচিয়ে কামড়াতে এলেন মার্সেলোদের। খুব অবাক হচ্ছেন? নাহ, চিন্তার কিছু নেই। ব্রাজিল দলে সংক্রমিত হয়নি সুয়ারেজের কামড়-কাণ্ড। সুয়ারেজের অপকর্ম গোটা বিশ্বে এমনই আলোড়ন তুলেছে। ব্রাজিলের খেলোয়াড়েরাও এর থেকে নিজেদের আলাদা করে রাখতে পারলেন না। সত্যিই কাল অনুশীলনে সতীর্থদের কামড়ানোর ভঙ্গি করে হাস্যরসে মেতে উঠেছিলেন নেইমার-ফ্রেডরা।
ইতালিকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়া ম্যাচে জর্জো কিয়েলিনিকে কামড়ে দেন বরাবরই খ্যাপাটে কর্মকাণ্ড করে পত্রিকার শিরোনাম হওয়া লুইস সুয়ারেজ। পুরো বিশ্বও ফেটে পড়েছে নিন্দা আর সমালোচনায়। সুয়ারেজের এই কাণ্ড নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপেও পিছিয়ে নেই পত্রিকাগুলো। অনুশীলনের ধকল কাটাতেই কিনা সুয়ারেজের কামড় নিয়ে একটু খুনসুটিতে মেতে উঠলেন ব্রাজিলীয় তারকারা।
শনিবার দ্বিতীয় রাউন্ডের নকআউট লড়াইয়ে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। সবকিছু ঠিকঠাক থাকলে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হওয়াটাও যথেষ্ট বাস্তবতা। ততদিন পর্যন্ত ফিফার শাস্তি এড়াতে পারলে সুয়ারেজ আবার নেইমার-ফ্রেডদের কাউকে কামড় বসান কি না, কে জানে!