সুয়ারেজে উদ্ভাসিত লিভারপুল
জয়-হার-জয়-হার—আগের চার ম্যাচে ‘অসাধারণ’ ধারাবাহিকতা রক্ষা করেছে লিভারপুল। হারের পর জয়; আবার হার, আবার জয়! সেই ধারাবাহিকতা থাকল পরশুও। আগের ম্যাচে যেহেতু হেরেছিল, এদিন কিউপিআরকে ৩-০ গোলে উড়িয়েই বিদায়ী বছরের ‘মধুরেণ সমাপয়েৎ’ই হয়েছে অলরেডদের। পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়েছেও। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো নয়েই লিভারপুল।অ্যানফিল্ডে আসার পর থেকেই বিতর্কের সঙ্গে দারুণ সখ্য গড়ে উঠেছিল লুইস সুয়ারেজের। বর্ণবাদী মন্তব্য করে আট ম্যাচ বহিষ্কার, ‘ডাইভিং’-এর অপবাদ নামের সঙ্গে সেঁটে যাওয়া—সুয়ারেজ এই দুই বছরে দেখেছেন মুদ্রার দুটি পিঠই। লিগে ১৩ গোল করে দুর্দান্ত ফর্মে থাকা উরুগুইয়ান স্ট্রাইকার যেন সব বিতর্ক মুছে দেওয়ার প্রতিজ্ঞাই করেছেন। পরশু রাতটাও ছিল ‘সুয়ারেজময়’। দুই গোল করেছেন, প্রথমটা তো ছিল পুরোপুরিই ব্যক্তিগত নৈপুণ্যে ভাস্বর। এমন পারফরম্যান্সের পর অধিনায়ক স্টিভেন জেরার্ড জাদুকর তকমাই দিলেন তাঁকে, ‘ক্লাবে আসার পর থেকেই সে দুর্দান্ত খেলছে। সপ্তাহের পর সপ্তাহ ধরে দেখিয়ে দিচ্ছে সে কত বড় মাপের খেলোয়াড়। অন্য সবার তো বছরে মাত্র দুবার করে খেলতে হয়, আমাদের অনুশীলনে সব সময়ই খেলতে হয় তার বিপক্ষে। সে একজন জাদুকরই।’বছরটা আপাতত নির্ভার থেকেই শেষ করতে পারলেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স। তাঁর চেয়েও বেশি নির্ভার সম্ভবত রাফায়েল বেনিতেজ। তাঁর অধীনে যে টানা চার ম্যাচে জয় পেল চেলসি! স্বস্তির কথা, ফার্ন্দান্দো তোরেস তো ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেনই, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডদের পায়েও সেই পুরোনো ঝলক। পরশু এভারটনের সঙ্গে জোড়া গোল করেছেন ল্যাম্পার্ড। দীর্ঘদিনের সৈনিকের সঙ্গে চেলসি সম্পর্ক চুকিয়ে ফেলবে এমন একটা গুঞ্জন আছে। ল্যাম্পার্ড নাকি এলএ গ্যালাক্সিতে যাচ্ছেন। তবে যেমন খেলছেন, ৩৪ বছর বয়সী মিডফিল্ডারকে রাখতেই চাইবে চেলসি। যদিও ল্যাম্পার্ডের কথায় ধোঁয়াশা, ‘এ মুহূর্তে কিছুই বলতে পারছি না। আমার চুক্তি এখনো এই মৌসুম পর্যন্তই।’চেলসি উঠে এসেছে তিনে। খানিকটা ফিকে হয়ে যাওয়া শিরোপাস্বপ্নও আবার জীবন্ত। ক্লাব বিশ্বকাপের কারণে বাকিদের চেয়ে এক ম্যাচ কম খেলায় ৩ পয়েন্ট হাতেও রাখা আছে। এএফপি।মৌসুমের ব্যস্ততম সময় এখন কাটাচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। টানা ম্যাচ খেলার ধকলও পোহাতে হচ্ছে। পরশুর ম্যাচ হতে না-হতেই নতুন বছরের শুরুতেই আবার মাঠে নেমে পড়তে হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেড আজ খেলবে উইগানের মাঠে। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ স্টোক। এই ম্যাচে সিটি পাচ্ছে না সামির নাসরিকে। শনিবার নরউইচের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ঢুস দিতে উদ্যত হওয়ায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন নাসরি। অন্য ম্যাচে আজ আর্সেনালের প্রতিপক্ষ সাউদাম্পটন।ইংলিশ লিগের সেরা পাঁচ ম্যাচ জয় ড্র হার পয়েন্টইউনাইটেড ২০ ১৬ ১ ৩ ৪৯ম্যান সিটি ২০ ১২ ৬ ২ ৪২চেলসি ১৯ ১১ ৫ ৩ ৩৮টটেনহাম ২০ ১১ ৩ ৬ ৩৬আর্সেনাল ১৯ ৯ ৬ ৪ ৩৩সেরা গোলদাতা: ১৪—রবিন ফন পার্সি (ইউনাইটেড); ১৩—মিচু (সোয়ানসি), ডেম্বা বা (নিউক্যাসল), লুইস সুয়ারেজ (লিভারপুল); ১০—জার্মেইন ডিফো (টটেনহাম)।