সুয়ারেজের আগে কাগাওয়া
ব্রেন্ডন রজার্স এখন অনেকটাই নির্ভার বোধ করতে পারেন! অননুমেয় লিভারপুল জিতেছে টানা তিন ম্যাচ। তার চেয়েও বড় কথা, লুইস সুয়ারেজ আপন মহিমায় ভাস্বর। আরেকটি হ্যাটট্রিকের পর প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল এখন এই স্ট্রাইকারেরই। সুয়ারেজের কাছ থেকে এমন পারফরম্যান্স অবশ্য অপ্রত্যাশিত নয়। কিন্তু পার্সি, রুনিরা থাকতে এই মৌসুমে অনিয়মিত শিনজি কাগাওয়ার কাছ থেকে হ্যাটট্রিক বোধ হয় স্যার অ্যালেক্স ফার্গুসনও আশা করেননি।এই মৌসুমে লিভারপুলের জয় ও লুইস সুয়ারেজের গোল যেন একসূত্রেই গাঁথা। ‘অলরেডদের’ ১১টি জয়ের আটটিতেই গোল করেছেন ফর্মের তুঙ্গে থাকা ফরোয়ার্ড। গোল পাননি কেবল রিডিং, সাউদাম্পটন ও ওয়েস্ট হামের বিপক্ষে জয়ে। ফন পার্সিকে (১৯) ছাড়িয়ে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল এখন সুয়ারেজেরই (২১)। এ নিয়ে মৌসুমে দুটি হ্যাটট্রিকই করলেন প্রতিপক্ষের মাঠে।সুয়ারেজ এখন প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়—কথাটা কদিন আগেই বলেছেন রজার্স। উইগানকে গুঁড়িয়ে দেওয়া জয়ের (৪-০) পর ওই কথাটাই উচ্চারণ করলেন দীপ্ত কণ্ঠে, ‘আমার দৃষ্টিতে এ মুহূর্তে সে-ই সবার ওপরে। স্পষ্টত সে এখন বর্ষসেরা খেলোয়াড়, আমার কাছে তো বটেই, অনেকের কাছেও। সে এককথায় অবিশ্বাস্য। শুধু দক্ষতার জন্যই নয়, তাঁর ক্ষুধা ও প্রতিজ্ঞার কারণেও।’ সুয়ারেজের আগে দিনের আলোটা কেড়ে নিয়েছিলেন কাগাওয়া। বরুসিয়া ডর্টমুন্ড থেকে আসার পর চোটের সমস্যায় নিয়মিত একাদশে থিতু হতে পারেননি জাপানি মিডফিল্ডার। গোলও পেয়েছিলেন মাত্র দুটি। তার পরও তাঁর ওপর আস্থা রেখেছিলেন ফার্গি। নরউইচের বিপক্ষে কাগাওয়ার হ্যাটট্রিকে ভাস্বর জয়ের (৪-০) পর ফার্গি বলেছেন, সামনের মৌসুমে আরও দুর্দান্ত কাগাওয়াকে দেখা যাবে। প্রিমিয়ার লিগে এশিয়ার কোনো খেলোয়াড়ের প্রথম হ্যাটট্রিকও এটা। সামনেই রিয়ালের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর মহারণ। হ্যাটট্রিকের জন্য এর চেয়ে ভালো সময় বোধ হয় বেছে নিতে পারতেন না জাপানি মিডফিল্ডার! এএফপি, ওয়েবসাইট।