সুয়ারেজের আনন্দ, মেসির হতাশা
২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় আনন্দ-বন্যায় ভেসেছেন লুইস সুয়ারেজ। চিলিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তাঁর দল উরুগুয়ে। দলের হয়ে সবকটি গোলই করেছেন তিনি। একই দিন মুদ্রার ঠিক উল্টো পিঠ দেখেছেন বিশ্ব ফুটবলের ১ নম্বর তারকা লিওনেল মেসি। মেসির আর্জেন্টিনাকে ১-১ গোলে আটকে দিয়েছে বলিভিয়া।এক ম্যাচে ৪ গোল করে আনন্দাশ্রুতে ভিজেছেন সুয়ারেজ। জানিয়েছেন, এ ধরনের পারফরম্যান্সের পর চোখের পানি আটকে রাখা কঠিন। অন্যদিকে ড্র করে মেসির কণ্ঠে হতাশা, ‘আমরা আর কোনো পয়েন্ট হারাতে দিতে পারি না। ম্যাচে আমরা অনেক সুযোগ পেয়েছি। দুর্ভাগ্যবশত সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।’অপর খেলায় ঘরের মাঠে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে প্যারাগুয়ে। আর ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কলম্বিয়া। চিলির বিপক্ষে জয়ের সুবাদে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে পয়েন্ট তালিকায় সবার ওপরে উঠে গেছে উরুগুয়ে। তিন ম্যাচে দলটির অর্জন ৭ পয়েন্ট। রয়টার্স।