সুয়ারেজের এত দাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুইস সুয়ারেজকে ছাড়তে আপত্তি নেই লিভারপুলের। কিন্তু তাঁর দাম হতে হবে গ্যারেথ বেলের মতো ১০০ মিলিয়ন ইউরো! লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের কথা শুনে বোধ হয় আকাশ থেকে পড়লেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। এত দিন ধরে কেনার চেষ্টা করছেন সুয়ারেজকে, সম্ভাব্য দামটাও কখনোই ৪০ মিলিয়ন ইউরোর চেয়ে খুব বেশি শোনা যায়নি। সেই সুয়ারেজের জন্য হঠাৎ এমন আকাশছোঁয়া দাম চাওয়ার কথা শুনে কি অবাক না হয়ে পারা যায়! এ রকম ‘উদ্ভট’ দামের পাশাপাশি সুয়ারেজের দলবদল নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার জন্যও রজার্সের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ওয়েঙ্গার, ‘আমি এ রকম ভাবনার কারণটা বুঝলাম না। তবে দলবদল নিয়ে প্রকাশ্যে কথা বলাটা আমি পছন্দ করি না।’ আর্সেনাল কোচ যতই অবাক হন বা খেপে যান, সুয়ারেজের আকাশছোঁয়া দামের কারণটা কিন্তু ব্যাখ্যা করেই বলেছেন রজার্স, ‘সবারই একটা দাম থাকে। গ্যারেথ বেলের দাম ১০০ মিলিয়ন বলে কথা হচ্ছে। বেল আর সুয়ারেজ দুজনই তো গত মৌসুমে প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড় ছিল।’ সুয়ারেজের প্রতি আর্সেনালের আগ্রহ দেখেই বোধ হয় রজার্স সুযোগটা নিতে চাইছেন। সুয়ারেজকে ধরে রাখার কৌশলও হতে পারে এটি। এএফপি।