সুয়ারেজের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিত প্রতিভাধর। মুহূর্তের জাদুতে মোড় ঘুরিয়ে দিতে পারেন খেলার। কিন্তু লুইস সুয়ারেজ যেন খেলার চেয়ে বিতর্কের সঙ্গেই মিতালি পাতাতে বেশি উৎসাহী। সুয়ারেজ এমনই এক প্রহেলিকা, যাঁর সম্পর্কে আগে থেকে কিছু আঁচ করাটা ভীষণ দুরূহ। এর আগেও অনেকবারই উদ্ভট সব কাণ্ড করেছেন, কিন্তু এবার যা করলেন সেটা ছাপিয়ে গেল সবকিছুই।কী করেছেন তার চেয়ে প্রশ্নটা হওয়া উচিত, কী করেননি সুয়ারেজ? একই ম্যাচে প্রথমে পেনাল্টি উপহার দিয়েছেন প্রতিপক্ষকে, এরপর দুর্দান্ত এক গোল বানিয়ে দিয়েছেন। শেষ মুহূর্তে গোল করে এনে দিয়েছেন মহামূল্যবান ১ পয়েন্ট। এমনকি হলুদ কার্ডও দেখেছেন। কিন্তু এর আগে যা করেছেন সেটি নিয়েই এখন সরগরম ফুটবল-বিশ্ব। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ৬৬ মিনিটে চেলসির পেনাল্টি বক্সে কামড় বসিয়ে দিয়েছেন ইভানোভিচের ডান হাতে! ভাগ্য ভালো রেফারির দৃষ্টি এড়িয়ে গেছে, নইলে তো পত্রপাঠ বিদায় হতে হতো। ম্যাচের একেবারে অন্তিম সময়ে হেড করে গোলটাও করা হতো না। তবে পার পাচ্ছেন না সম্ভবত, এফএর তদন্তে দোষী সাব্যস্ত হলে শাস্তি পেতেই হবে। তবে ধারণা করা হচ্ছে, বেশ কয়েক ম্যাচের জন্য নির্বাসনে যেতে হচ্ছে উরুগুইয়ান স্ট্রাইকারকে।কামড়ে দেওয়ার ঘটনা আগেও ঘটিয়েছেন। আগের ক্লাব আয়াক্সেও একবার প্রতিপক্ষ খেলোয়াড়ের ঘাড়ে দাঁত বসিয়ে দিয়েছিলেন। সেই ঘটনা হয়তো অনেকেরই স্মৃতি থেকে মুছে গেছে। কিন্তু অঘটনের সঙ্গে সখ্য কি সুয়ারেজ এত সহজেই চুকিয়ে ফেলতে পারেন? ম্যাচের পর তাই সমালোচনার শেল ছুটছে ঝাঁকে ঝাঁকে। সাবেক লিভারপুল অধিনায়ক গ্রায়েম সোনেস বলেছেন এটা ‘লজ্জাজনক’। ব্রিটিশ মিডিয়ায় তো ‘নরখাদক’ও বলা হয়েছে সুয়ারেজকে।সুয়ারেজ অবশ্য ম্যাচের পর পরই টুইটারে ক্ষমা চেয়ে নিয়েছেন, ‘আমি ক্ষমার অযোগ্য আচরণ করেছি। ইভানোভিচের সঙ্গে মাত্রই ফোনে কথা হয়েছে। ওর কাছে ক্ষমা চেয়েছি।’ লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স এ ঘটনা নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে আভাস দিয়েছেন অ্যানফিল্ডে সুয়ারেজের দিন ফুরিয়ে আসছে, ‘এটা এমন একটা ক্লাব যেখানে মূল্যবোধ ও নৈতিকতা অনেক গুরুত্বপূর্ণ। আমরা ঘটনাটা যাচাই করে দেখছি। এটা মনে রাখতে হবে কোনো খেলোয়াড় বা ম্যানেজারই ক্লাবের চেয়ে বড় নয়। এমন কোনো খেলোয়াড় নেই যার শূন্যতা অপূরণীয়।’ লিভারপুল বলেছে সুয়ারেজকে বিক্রি করার কোনো পরিকল্পনা তাদের নেই। অবশ্য জরিমানা করেছে তাঁকে। অর্থটা হিলসবরো ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারদের দেওয়ার ঘোষণা দিয়েছেন সুয়ারেজ।২৩ গোল করে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন অনেকটাই। এ ঘটনা ঘটিয়ে সুয়ারেজ সম্ভবত মৃত্যুই ঘটিয়েছেন সেই সম্ভাবনার। এএফপি, রয়টার্স।বিতর্কের পর বিতর্কজুলাই ২০১০বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে হাত দিয়ে নিশ্চিত গোল ঠেকানো। লাল কার্ড দেখলেও তাঁর দল উরুগুয়ে উঠে গিয়েছিল শেষ চারে। নভেম্বর ২০১০আয়াক্স আমস্টারডামে খেলার সময় পিএসভি আইন্দহোফেন মিডফিল্ডার ওটমান বাক্কালকে ঘাড়ে কামড় দিয়ে সাত ম্যাচ নিষিদ্ধ। অক্টোবর ২০১১ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার প্যাট্রিস এভরাকে বর্ণবাদী গালি দিয়ে আট ম্যাচ নিষিদ্ধ। জরিমানা হয় ৪০ হাজার পাউন্ড। মার্চ ২০১৩বিশ্বকাপ বাছাইপর্বে চিলির ডিফেন্ডার গঞ্জালো জারাকে ঘুষি মারার দায়ে শাস্তির অপেক্ষায়এপ্রিল ২০১৩চেলসি ডিফেন্ডার ইভানোভিচের হাতে কামড়