সুয়ারেজের ক্ষমাপ্রার্থনার নেপথ্যে বার্সেলোনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজ
লুইস সুয়ারেজ

কামড়-কাণ্ডের জন্য ক্ষমা চাইলেও সমালোচনার তির থেকে রেহাই মিলছে না লুইস সুয়ারেজের। পরশু নিজের টুইটারে কিয়েলিনিকে গ্রুপ পর্বের ম্যাচে কামড়ে দেওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার। কিন্তু সাবেক ইংল্যান্ড অধিনায়ক গ্যারি লিনেকার মনে করেন, সুয়ারেজের ক্ষমা চাওয়ার কারণ তাঁর বোধোদয় নয়। সামনের মৌসুমে তিনি লিভারপুল ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমাচ্ছেন বলে জোর গুঞ্জন আছে। লিনেকারের ধারণা, দলবদলের আগে কামড়-কেলেঙ্কারির জন্য ক্ষমা চেয়ে নিজের ভাবমূর্তিটা উদ্ধার করতে চাইছেন সুয়ারেজ। আর এই উপদেশটা নাকি তাঁকে বার্সেলোনার পক্ষ থেকেই দেওয়া হয়েছে!
ইতালি ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে চার মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছেন সুয়ারেজ। তবে ঘটনার কয়েক দিন পর অবশেষে উরুগুইয়ান স্ট্রাইকার ক্ষমা চেয়েছেন কিয়েলিনি এবং ফুটবল বিশ্বের কাছে। পরশু নিজের টুইটারে লিখেছেন, ‘পরিবারের সঙ্গে কয়েক দিন কাটানোর পর আমি ঠান্ডা মাথায় ইতালি-উরুগুয়ে ম্যাচ নিয়ে ভেবেছি। যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত। সত্যিটা হলো, কিয়েলিনির সঙ্গে আমার সংঘর্ষের সময় সে আমার দাঁতের আঘাত পেয়েছে। এ জন্য কিয়েলিনি আর গোটা ফুটবল বিশ্বের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি শপথ করে বলছি, এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।’ ঘণ্টা খানেক পরেই টুইটারে সেটার জবাব দিয়েছিলেন কিয়েলিনি। ইতালিয়ান ডিফেন্ডার লিখেছেন, ‘সব ভুলে গেলাম। আশা করি, ফিফা তোমার শাস্তি কমিয়ে দেবে।’
কিন্তু ১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী লিনেকার ভাবছেন অন্য কিছু। সুয়ারেজকে ক্ষমা চাইতে দেখে সাবেক বার্সেলোনা স্ট্রাইকার নিজের টুইটারে লিখেছেন, ‘অবশেষে কামড়-কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে সুয়ারেজ। বলেছে এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না। তবে শুনেছি বার্সেলোনা দলে নেওয়ার আগে তাঁকে ক্ষমা চাইতে বলেছিল।’
জেরার্ডো মার্টিনোর বিদায়ের পর কাতালানদের দায়িত্ব নেওয়া সাবেক বার্সেলোনা অধিনায়ক লুইস এনরিকে ঢেলে সাজাচ্ছেন দলকে। বাতাসে গুঞ্জন ৮০ মিলিয়ন পাউন্ডে সুয়ারেজকে দলে টানছে তারা। ক্ষমা চাইলে শাস্তি হয়তো কমবে সুয়ারেজের, সে ক্ষেত্রে মৌসুমের প্রথম থেকেই তাঁকে খেলাতে পারবে বার্সেলোনা। লিনেকারের ইঙ্গিত সেদিকেই। ডেইলি মেইল।